কক্সবাজারের মহেশখালীতে পুলিশ কনস্টেবলের বাবা মনির আহমদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কক্সবাজার জেলা।
২০২৪ সালের ৩ নভেম্বর রাত ৩টা ৪৫ মিনিটে মহেশখালীর পাট্টাছড়ি ঘোনা এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা মনির আহমদকে গুলি করে এবং তিন ঘণ্টা পর তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিকভাবে থানা পুলিশ নয় মাস তদন্ত চালিয়ে ৫ জনকে গ্রেফতার এবং ৬ জনকে আদালতে আত্মসমর্পণ করায়।
পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই কক্সবাজার জেলায় হস্তান্তর করা হয়। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে মামলার তদন্তভার গ্রহণ করেন পরিদর্শক মো. রিয়াজ উদ্দীন চৌধুরী।
তিনি এজাহারনামীয় আসামি জয়নাল আবেদীনকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল আসামি মো. আক্কাস (৩৭)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
