সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমসম্পাদকীয়নতুন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় প্রত্যয়ী ‘জনতার পুলিশ’

নতুন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় প্রত্যয়ী ‘জনতার পুলিশ’

জুলাই ২০২৫

ঘড়ির কাঁটার চিরন্তন চলমান রথে চড়ে পেরিয়ে গেল ঘটনাবহুল একটি বছর। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সূচনা করেছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের। কালাবর্তে তার একটি বছর অতিক্রান্ত হলো। নতুন অরুণোদয়ের বাংলাদেশে গণমানুষের স্বপ্ন একটাই—একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার, উন্নত মানবিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক প্রশাসন। তাদের আকাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থায় থাকবে সকল নাগরিকের জন্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির প্রতিশ্রুতি। এই কল্যাণময় রাষ্ট্রব্যবস্থারই একটি অপরিহার্য অনুষঙ্গ হলো জনবান্ধব পুলিশ বাহিনী।পুলিশ জনগণের পাশে থেকে তাদের হয়ে কাজ করবে, তাদের হাতে সুরক্ষিত থাকবে মানবাধিকার ও গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা থাকবে সবার শীর্ষে—এমন প্রত্যাশা আজ সর্বব্যাপী। এই স্বপ্ন ও প্রত্যাশাকে অন্তরে ধারণ করেই বাংলাদেশ পুলিশ গত এক বছরে ‘জনতার পুলিশ’ হয়ে ওঠার এক নতুন গল্প রচনা করেছে।

আইন-শৃঙ্খলা মানে কেবল অপরাধ দমন নয়; বরং এটি সামগ্রিক স্থিতিশীলতা অর্জন, নাগরিক অধিকারের সুরক্ষা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা ও নির্ভরতা গড়ে তোলার একটি অবিচ্ছেদ্য প্রয়াস। রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে যে সামাজিক চুক্তি, অধিকার ও কর্তব্যের পারস্পরিক অঙ্গীকার বিদ্যমান, তার অন্যতম ধারক ও বাহক হলো পুলিশ। তারা রাষ্ট্রের হয়ে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করে। তবে এই গুরুদায়িত্ব পালনের পথ পুলিশের জন্য কখনোই মসৃণ নয়। বহুক্ষেত্রে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জন স্টুয়ার্ট মিলের ‘হার্ম প্রিন্সিপাল’-এর আলোকে নাগরিক অধিকারের সুরক্ষা ও সীমালঙ্ঘনের মধ্যে ভারসাম্য রক্ষায় পুলিশকে অনেক সময় রেফারির ভূমিকা পালন করতে হয়। প্রতিটি সিদ্ধান্ত মানবাধিকারের কষ্টিপাথরে যাচাই করাই তাদের দায়িত্ব। এই প্রেক্ষাপটেই এবারের সংখ্যার প্রচ্ছদে মানবাধিকারের প্রতি পুলিশের দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়েছে। এই সংখ্যায় আরও আলোচিত হয়েছে আইনের আলোকে দায়িত্ব পালনে পুলিশের বলপ্রয়োগের সীমারেখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ।

পুলিশের দায়িত্ব কেবল জননিরাপত্তায় সীমাবদ্ধ নয়; বরং তা বহুমাত্রিক ও বিস্তৃত। পুলিশকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়, তাদের সমস্যার কথা শুনতে হয়। কিন্তু বিপুল জনসংখ্যা, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে এই দায়িত্ব যথাযথভাবে পালন করা পুলিশের জন্য সবসময়ই সংগ্রামসাপেক্ষ। একই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সেবার চাহিদা পুলিশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। প্রযুক্তির বৈশ্বিক বিস্তার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার অপরাধের ধরন ও প্রকৃতিতে পরিবর্তন এনেছে। পুলিশের সেবার বৈচিত্র্য, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে এই সংখ্যার বিভিন্ন প্রবন্ধে। বিশেষভাবে আলোচিত হয়েছে—এআইকে কাজে লাগিয়ে কীভাবে পুলিশ অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এবারের সংখ্যায় এমআরটি পুলিশ ইউনিট এবং মেট্রোরেল নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের সার্বক্ষণিক তৎপরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এই সংখ্যায় আরও থাকছে শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য পরিচর্যা, কুইজ, শান্তিরক্ষী মিশনের গল্প, অভিযান, গল্প-ধাঁধা, ‘আইনের আলোকে’ ও ‘অপরাধ বিচিত্রা’-র মতো নিয়মিত আয়োজন। সংক্ষিপ্ত পরিসরে দেশজুড়ে পুলিশের বিভিন্ন সেবা ও কার্যক্রমের ছবি ও খবরও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ–সংক্রান্ত ঘটনাপ্রবাহেও দৃষ্টি রাখা হয়েছে। আশা করা যায়, এই প্রয়াস বাংলাদেশ পুলিশ, এর রূপান্তর ও কার্যক্রম নিয়ে পাঠকদের বহু প্রশ্নের উত্তর দেবে। পাঠকদের মূল্যবান মতামত ও মন্তব্য আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করবে।সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা।

সম্প্রতি

নাগরিক সংযোগ