বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধগবেষণা আলাপনপিবিআই গবেষণা প্রতিবেদন হত্যা মামলার প্রেক্ষিত

পিবিআই গবেষণা প্রতিবেদন হত্যা মামলার প্রেক্ষিত

ডিটেকটিভ ডেস্ক
,

কটা প্রশ্ন প্রায়ই ঘুরপাক করে—মানব হত্যার মতো এত জঘন্য একটি কাজ মানুষ কেন করে? কী কারণে মানুষের মধ্যে এমন অপরাধপ্রবণতা বেড়ে ওঠে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যুগে যুগে হয়েছে অসংখ্য গবেষণা। তৈরি হয়েছে অপরাধবিজ্ঞান নামে একটি স্বতন্ত্র শাখা।

তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে সাধারণত হত্যাকাণ্ডের কয়েকটি কারণ সামনে আসে। যার মধ্যে প্রথমেই আসে বংশগতি। অর্থাৎ অপরাধপ্রবণতা মানুষ তার পরিবার এবং বাবা-মায়ের কাছ থেকে বংশগতভাবেই পেতে পারে। এর পক্ষে যুক্তিও রয়েছে। যেমন—কোনো শিশু যদি ছোটবেলা থেকেই তার বাবা-মাকে অপরাধ করতে দেখে অভ্যস্ত হয়, সে ক্ষেত্রে সেই শিশু একসময় অপরাধকে স্বাভাবিক আচরণ হিসেবে গ্রহণ করতে শুরু করে এবং এক পর্যায়ে নিজেও অপরাধে যুক্ত হয়ে পড়ে।

এ ছাড়া আরেকটি কারণ খুব জোরালোভাবে আলোচিত হয়—সামাজিক-মনস্তাত্ত্বিক ট্রমা, যা মানুষের মধ্যে মানবিক গুণাবলি ধীরে ধীরে ক্ষয় করে দেয়। এর ফলে অপরাধ করার পর যে খারাপ লাগা বা বিবেকের তাড়না থাকার কথা, তা আর কাজ করে না। একসময় খুব জঘন্য অপরাধকেও তারা স্বাভাবিক বলে ধরে নেয়।

তবে আরেকটি কারণ রয়েছে, যা প্রথম দুইটির তুলনায় কিছুটা ব্যতিক্রম—তা হলো ‘পুল ফ্যাক্টর’। অর্থাৎ শিশু নিজে থেকে অপরাধপ্রবণ হয়ে ওঠে না; বরং অপরাধচক্রই শিশু বা তরুণকে অপরাধের দিকে টেনে নেয় এবং এক প্রকার বাধ্য করে অপরাধে জড়িত হতে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বিভিন্ন গ্যাং বা রাজনৈতিক মাফিয়া চক্রের কথা বলা যায়, যারা অন্য তরুণদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং গ্যাং কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করে।

পিবিআইয়ের গবেষণাটি ছিল বাংলাদেশ-প্রাসঙ্গিক। এ দেশে কেন অপরাধ সংঘটিত হয় এবং এর পেছনে কী কী কারণ কাজ করে—তা অনুসন্ধান করাই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য। অপরাধ হিসেবে এখানে শুধু হত্যাকাণ্ডের ঘটনাগুলোর ওপরই গবেষণা করা হয়েছে। পিবিআইয়ের গবেষণার ফলাফলে দেখা যায়, হত্যাকাণ্ড সাধারণত আকস্মিক বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফল নয়; বরং দীর্ঘমেয়াদি সামাজিক উত্তেজনা, আর্থিক সংকট, পারিবারিক ও সম্পর্কগত দ্বন্দ্ব এবং ব্যক্তিগত-সামাজিক ক্ষমতার টানাপোড়েন ধীরে ধীরে মানুষকে সহিংসতার দিকে ঠেলে দেয়। 

তবে এক্ষেত্রে লক্ষ্য করা যায়, হত্যার কারণগুলো ঘুরে ফিরে প্রায় একই রকম। ফলে যদি এই কারণগুলোর ভিত্তিতে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট প্রেক্ষাপট চিহ্নিত করা যায়, তাহলে সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার জন্য প্রতিরোধমূলক কৌশল তৈরি করা তুলনামূলক সহজ হয়।

পিবিআইয়ের গবেষণা প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ কারণ উঠে এসেছে। যেমন—বাংলাদেশে অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক উত্তেজনার ফলে ঘটে না; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, প্রতিশোধের মানসিকতা, সামাজিক সংকট এবং ব্যক্তিগত সম্পর্কের ভাঙন ধীরে ধীরে সহিংসতার জন্ম দেয়।

যদিও গবেষণার বিশ্লেষণে হত্যার মোটিভ বা কারণ পাঁচটি বড় শ্রেণিতে ভাগ করা হয়েছে, তবু প্রতিটি ক্ষেত্রেই একটি অভিন্ন বিষয় লক্ষণীয়—দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের ইতিহাস। অর্থাৎ যে হত্যাকাণ্ডকে আমরা হঠাৎ ঘটে গেছে বলে মনে করি, তা আসলে হুট করে নয়; বরং দীর্ঘদিনের সুচিন্তিত ও জমে থাকা ক্ষোভেরই ফল।

গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ব্যক্তিগত শত্রুতা ও পুরোনো বিদ্বেষ থেকে—মোট ৬২টি মামলা। বাহ্যিকভাবে এসব হত্যাকাণ্ড হঠাৎ সংঘর্ষের পর সংঘটিত বলে মনে হলেও, পিবিআইয়ের অনুসন্ধানে উঠে আসে যে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো মূলত পরিকল্পিত এবং নানা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সংঘটিত।

কোনো ক্ষেত্রে বহু বছর ধরে জমে থাকা সম্পর্কের টানাপোড়েন, কোনো ক্ষেত্রে সামাজিক আধিপত্যের লড়াই, আবার কোনো ক্ষেত্রে সম্মান হারানোর ভয় বা অতীতের প্রতিহিংসা কাজ করেছে। দীর্ঘদিনের চাপা ক্ষোভ বা শত্রুতাই একসময় সহিংসতায় বিস্ফোরিত হয়েছে।     

হত্যার মোটিভ যত বেশি পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের ভেতরে, খালাসের সম্ভাবনা তত বেশি; কেননা এখানে নিজেদের মাঝে আপস-মীমাংসার সম্ভাবনা অনেক।আর হত্যার মোটিভ যত স্পষ্ট ও সামাজিকভাবে দৃশ্যমান, তত বেশি দোষী সাব্যস্তের সম্ভাবনা থাকে। অর্থাৎ বিচারব্যবস্থার কার্যকারিতা অপরাধের মানদণ্ড দিয়ে নয়, বরং সামাজিক সম্পর্কের প্রকৃতি দিয়ে নির্ধারিত হচ্ছে।

একই সঙ্গে হত্যাকাণ্ডের আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে বৈবাহিক ও পারিবারিক সংকট। গবেষণায় অন্তর্ভুক্ত ২৩৮টি মামলার মধ্যে বৈবাহিক দ্বন্দ্ব থেকে অন্তত ৪০টি এবং পারিবারিক ঝামেলা থেকে ১২টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বিবাহবিচ্ছেদ, মনোমালিন্য, অর্থনৈতিক টানাপোড়েন এবং পরিবারের ভেতরে আধিপত্যের দ্বন্দ্ব—এই উপাদানগুলো ধীরে ধীরে দাম্পত্য, পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দেয়। কঠোর সামাজিক বাস্তবতায় সম্পর্ক ভেঙে যাওয়ার লজ্জা এড়ানোর মানসিক চাপ কিংবা পরিবারের সিদ্ধান্তে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জেদ—এই দুই প্রবণতাই অনেক ক্ষেত্রে উত্তেজনাবশত হত্যার মতো জঘন্য কাজে রূপ নিয়েছে।
তৃতীয় বড় কারণ হলো সম্পত্তি ও জমি নিয়ে বিরোধ—মোট ২৮টি মামলা। গ্রামীণ সমাজে জমি কেবল অর্থনৈতিক সম্পদ নয়; এটি সামাজিক মর্যাদা, ক্ষমতার প্রতীক এবং পারিবারিক উত্তরাধিকার রক্ষার প্রশ্নের সঙ্গে জড়িত।
ফলে জমি-সংক্রান্ত বিরোধ যখন আদালত, সালিশ বা সামাজিক সমাধানে নিষ্পত্তি করা যায় না, তখন সহিংসতা প্রায় অনিবার্য হয়ে ওঠে। প্রাথমিকভাবে এই বিরোধ গ্রামকেন্দ্রিক মনে হলেও শহরাঞ্চলেও এ ধরনের ঘটনার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এক্ষেত্রে মতবিরোধের পরিণতি অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে।
ব্যবসা বা আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেও ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। ধার শোধ নিয়ে বিরোধ, বকেয়া টাকা, অংশীদারিত্বের দ্বন্দ্ব কিংবা প্রতারণার অভিযোগ—এসব কারণে বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। একসময় এই দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়। জীবিকা রক্ষা, আস্থার সংকট এবং টিকে থাকার লড়াই—এই চাপগুলোর সমষ্টিই শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে।

এই গবেষণায় আমাদের সমাজে সংঘটিত অপরাধের আড়ালে থাকা আরও কিছু অপরাধের চিত্রও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে চুরি, ছিনতাই ও অপহরণের সময় সংঘটিত হত্যাকাণ্ড—১৪টি; নারী নির্যাতন, ধর্ষণ ও উত্ত্যক্ততার জেরে সংঘটিত হত্যাকাণ্ড—১০টি; তুচ্ছ বিষয় যেমন গান, খেলা বা সামান্য মৌখিক তর্ক থেকে সংঘটিত হত্যাকাণ্ড—৪টি; এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে সংঘটিত হত্যাকাণ্ড—৩টি।
সার্বিকভাবে এই গবেষণার ফলাফল সমাজের কিছু কঠোর বাস্তবতা সামনে নিয়ে আসে। প্রথমত, উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ডের সূত্রপাত মূলত ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের ভাঙন থেকে, যা পরবর্তী সময়ে সামাজিক সম্মান, ন্যায়বিচারের দীর্ঘসূত্রতা এবং অর্থনৈতিক চাপের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে হত্যার মতো জঘন্য অপরাধে ঠেলে দেয়।

দ্বিতীয়ত, এখনো সমাজে বহু দ্বন্দ্ব মীমাংসার উপায় হিসেবে শক্তি প্রদর্শন, প্রতিশোধ কিংবা সামাজিক আধিপত্য প্রতিষ্ঠাকেই বেছে নেওয়া হয়—আর অনেক ক্ষেত্রেই সেই পথের শেষ পরিণতি হয় হত্যাকাণ্ড।

অর্থাৎ হত্যাকে শুধু একটি আইনি অপরাধ হিসেবে ব্যাখ্যা করলে পুরো চিত্র স্পষ্ট হয় না; এটি একই সঙ্গে সামাজিক, আচরণগত, অর্থনৈতিক ও মানসিক বাস্তবতার প্রতিফলন। এ ক্ষেত্রে স্পষ্টভাবে প্রতীয়মান হয়—পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি সম্পর্কগত সহিংসতার মূল কারণগুলো মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে অপরাধ দমনের প্রচেষ্টা মূলত ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; প্রতিরোধের পর্যায়ে পৌঁছাবে না।

বিচারিক কাজে দীর্ঘসূত্রতা

হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুধুই আইনি আনুষ্ঠানিকতা নয়; ন্যায়বিচার, সামাজিক আস্থা এবং অপরাধ দমনের কার্যকারিতা—এই তিনটিরই নির্দেশক। পিবিআইয়ের গবেষণায় উঠে আসে, অপরাধের ধরন অনুসারে রায় পেতে সময়ের ভিন্নতা থাকে, আর সেই তারতম্য বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও আইনি অনিশ্চয়তার বাস্তবতা তৈরি করে।
এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফলাফলে দেখা যায়, ব্যক্তিগত শত্রুতাজনিত হত্যার নিষ্পত্তিতে সবচেয়ে বেশি সময় লাগে—গড়ে ২৪.৯ মাস। অজ্ঞাত বা অস্পষ্ট উদ্দেশ্যমূলক হত্যায় সময় লাগে ২৩.৭ মাস। বৈবাহিক দ্বন্দ্বের ক্ষেত্রে ১৭.৭ মাস এবং জমি-বাড়ি বিরোধে ১৯.৪ মাস সময় লাগে, যেখানে পারিবারিক চাপ, সাক্ষ্যের দ্বন্দ্ব এবং নথিপত্র যাচাই তদন্তকে দীর্ঘায়িত করে।ধার-শোধ বা আর্থিক লেনদেনসংক্রান্ত হত্যায় সময় তুলনামূলক কম—১৩.৪ মাস। সবচেয়ে দ্রুত নিষ্পত্তি হয় নারী নির্যাতন বা ধর্ষণসংক্রান্ত হত্যায়—গড়ে ৯.৬ মাস, কারণ এসব মামলায় প্রমাণ সাধারণত স্পষ্ট ও প্রত্যক্ষ থাকে।সমগ্র বিবেচনায় সব ধরনের হত্যা মামলার গড় নিষ্পত্তির সময় ১৮.৯ মাস—অর্থাৎ দেড় থেকে দুই বছর পর বিচার আসে। এই দীর্ঘ অপেক্ষা ভুক্তভোগী পরিবারকে অনিশ্চয়তায় ফেলে, সাক্ষীদের নিরুৎসাহিত করে এবং অপরাধীদের কাছে যথাযথ শাস্তি খুব দূরের বিষয় বলে মনে হয়।গবেষকদের ভাষায়, অপরাধ দমনে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ—একটি হলো দ্রুত গ্রেফতার, অন্যটি হলো দ্রুত বিচার। গ্রেফতার দ্রুত হলেও বিচার দীর্ঘায়িত হলে অপরাধ প্রতিরোধের সামাজিক প্রভাব ভেঙে পড়ে।ন্যায়বিচারের দেরি মানেই সাধারণ মানুষের চোখে ন্যায়বিচারের অস্বীকার। দীর্ঘ নিষ্পত্তির সময় কমাতে জরুরি কাঠামোগত দক্ষতা বৃদ্ধি, আদালত-তদন্ত-ফরেনসিক ব্যবস্থার সমন্বয় এবং বিচারপ্রক্রিয়ার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করা—এই মুহূর্তে সবার অগ্রাধিকার হওয়া উচিত। ন্যায়বিচার তখনই অর্থবহ হবে, যখন তা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবেও দৃশ্যমান হবে।

হত্যার মোটিভ অনুযায়ী রায়ের পরিসংখ্যান বিশ্লেষণ

হত্যার মোটিভ অনুযায়ী রায় বিশ্লেষণ করলে দেখা যায়, সব মামলায় দোষী সাব্যস্তের হার সমান নয়; বরং হত্যার প্রেক্ষাপট আদালতের ফলাফলে গভীর প্রভাব ফেলে।

পূর্ব শত্রুতাজনিত হত্যায় দোষী সাব্যস্ত হয় মাত্র ৪২.৮%, আর ৫৭.২% খালাস পায়—এক্ষেত্রে অধিকাংশ সময়ই প্রমাণ ও সাক্ষ্যের দুর্বলতার কারণে অভিযুক্তদের বড় অংশ শাস্তি এড়াতে সক্ষম হয়। বৈবাহিক দ্বন্দ্বে দোষী সাব্যস্তের হার আরও কম—৩৫%—এবং ৬৫% খালাস, যা দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরীণতা ও সাক্ষীর অনাগ্রহকে প্রতিফলিত করে।

পারিবারিক দ্বন্দ্বের ক্ষেত্রে শাস্তির হার আরও কম; এক্ষেত্রে ৭৫% খালাস এবং মাত্র ২৫% দোষী সাব্যস্ত। ঝগড়া বা আকস্মিক সহিংসতা থেকে সংঘটিত হত্যাকাণ্ডেও একই প্রবণতা দেখা যায়—৭০% খালাস এবং ৩০% দোষী সাব্যস্ত—কারণ এসব ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন হয়।

বিপরীতে অর্থনৈতিক মোটিভভিত্তিক হত্যায় দোষী সাব্যস্তের হার তুলনামূলক বেশি—৫৮.৫%—যেখানে নথি ও লেনদেনের আলামত প্রমাণকে শক্তিশালী করে। সর্বোচ্চ দোষী সাব্যস্তের হার দেখা যায় নারী নির্যাতন, ধর্ষণ বা যৌন হয়রানিজনিত হত্যায়—৬০% বনাম ৪০% খালাস—কারণ এসব মামলায় প্রমাণ সাধারণত স্পষ্ট ও প্রত্যক্ষ থাকে।

আর মানসিক ভারসাম্যহীনতা বা বিশেষ পরিস্থিতিজনিত হত্যায় দোষী সাব্যস্তের হার শূন্য—১০০% খালাস। অনেক ক্ষেত্রেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে এভাবে খালাস পাওয়া যাচ্ছে। অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে যদি আসামিকে মানসিক ভারসাম্যহীন সাব্যস্ত করানো যায়, তাহলেই খালাস।

সমগ্র ফলাফলে একটি মর্মান্তিক চিত্র উঠে আসে: হত্যার মোটিভ যত বেশি পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের ভেতরে, খালাসের সম্ভাবনা তত বেশি—কারণ এখানে নিজেদের মধ্যে আপস-মীমাংসার সুযোগ বেশি থাকে।

আর হত্যার মোটিভ যত স্পষ্ট ও সামাজিকভাবে দৃশ্যমান, তত বেশি দোষী সাব্যস্তের সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ বিচারব্যবস্থার কার্যকারিতা অপরাধের মানদণ্ড দিয়ে নয়, বরং সামাজিক সম্পর্কের প্রকৃতি দিয়েই অনেকাংশে নির্ধারিত হচ্ছে।

ফলে হত্যা নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি আনতে শুধু অভিযুক্ত গ্রেফতার যথেষ্ট নয়; সাক্ষী সুরক্ষা, ফরেনসিক সক্ষমতা, তদন্তের দক্ষতা এবং পারিবারিক-সামাজিক চাপ মোকাবিলার কাঠামো শক্তিশালী করা অপরিহার্য। যতদিন মোটিভভেদে রায়ের এই বৈষম্য দূর না হবে, ততদিন হত্যাকাণ্ড প্রতিরোধ এবং দোষীদের শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার যে লক্ষ্য, তা বাস্তবায়ন সম্ভব নয়।

সম্প্রতি

নাগরিক সংযোগ