রাজধানীর হাতিরঝিল এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটজন ডাকাতকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মো. মনির হোসেন শিমুল (৩৫), শাকিল ওরফে শাকিব (২১), মো. রাকিবুল হাসান (২০), মো. আরিফ (২৬), মো. আহসানুল্লাহ মিরাজ (৩৬), মো. শাওন মোল্লা (১৯), মো. মনির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩৬)।
পুলিশ জানায়, মামলার বাদী মো. সুমন মিয়া একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাই প্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ২০ লাখ টাকা) দেশে পাঠান। বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে বাসে করে বাড়ি ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে ১৮–২০ জনের একটি দল বাস থামিয়ে তাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর করে। পরে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে হাতিরঝিল থানাধীন উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা উত্তোলন করে। পরে বাদীকে ঘটনাস্থলে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় ডাকাতি মামলা রুজু হলে অভিযানে ২০ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৪:৫০ মিনিটে আটজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (২টি গলার হার ও ৯টি আংটি) এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
