দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গল্লামারী
এলাকায় ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি
অনুষ্ঠিত হয়েছে।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.
জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলাচল করে, তাহলে
খুলনা মহানগরের যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।ইজিবাইক চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, জরিমানা করাই পুলিশের মূল উদ্দেশ্য নয়;বরং চালকদের শেখানো হচ্ছে কীভাবে নিরাপদভাবে রাস্তায় চলতে হবে—কোন লেনে চলতে হবে, ডান-বাম দিক থেকে যাত্রী নেওয়া যাবে না এবং অতিরিক্ত ভাড়ার লোভে
ঝুঁকিপূর্ণ স্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত
ভাড়ার প্রলোভনে ইজিবাইক চুরি ও সহিংসতার ঝুঁকি তৈরি হয়, যা চালকের নিজের এবং
পরিবারের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি আরও জানান, নিয়ম শেখানোর লক্ষ্যে এ পর্যন্ত ৭ হাজার ৯০০ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যারা এখনও প্রশিক্ষণ নেননি, তাদের দ্রুত
প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ অন্যান্য
পুলিশ সদস্য, ইজিবাইক ও সিএনজি চালক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে কেএমপির ট্রাফিক সচেতনতামূলক র্যালি
ডিটেকটিভ ডেস্ক
,
