রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মূল হোতা দম্পতিকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫)।থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি সাবলেট হিসেবে পারভেজ ও কাকলীকে ঘর ভাড়া দেন। ১৯ অক্টোবর ২০২৫ বেলা ১১:০০টার দিকে বাদীর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা তাদের সহায়তাকারী অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় মুক্তিপণের উদ্দেশ্যে বাদীর শিশুপুত্র আব্দুল হাদি নূরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।পরে আসামিদের ব্যবহৃত ইমু নম্বর থেকে বাদীর নম্বরে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আসামির প্রদত্ত নম্বরে প্রথমে ৫ হাজার টাকা দিতে বললে বাদী বিকাশে ৫ হাজার টাকা পাঠান। এরপর ইমু নম্বরে এক লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুর অবস্থান শনাক্ত করে ২১ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৫:৪৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ ও কাকলীকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। গ্রেফতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কামরাঙ্গীরচরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলা: মূল হোতা দম্পতি গ্রেফতার, অপহৃত শিশু উদ্ধার
ডিটেকটিভ ডেস্ক
,
