সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রচ্ছদপুলিশ সংস্কারের সন্ধানে: ন্যায়বিচার, দক্ষতা ও জনআস্থার নতুন পথ

পুলিশ সংস্কারের সন্ধানে: ন্যায়বিচার, দক্ষতা ও জনআস্থার নতুন পথ

রাজীব আহমেদ
,

বাংলাদেশে পুলিশের ইতিহাস অতি প্রাচীন। শাসনব্যবস্থার সঙ্গে এর অবিচ্ছেদ্য সম্পর্ক। পুলিশ কেবল একটি আইন প্রয়োগকারী সংস্থা নয়; এটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক চুক্তির বাস্তব রূপায়নের বাহক। অন্তঃশত্রু থেকে জনগণকে রক্ষা করাই তার প্রধান কাজ—অর্থাৎ নাগরিকদের জীবন, সম্পদ ও মর্যাদার সে-ই রক্ষক।
ইতিহাসের সর্পিল পথের বাঁকে দাঁড়িয়ে পুলিশও পরিবর্তিত হয়। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে তেমনই এক গুরুত্বপূর্ণ বাঁক, যার আকাঙ্ক্ষা—জনআস্থা ও জনতার পুলিশ।তারই অংশ হিসেবে ‘গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ জনগণের সেবক, রাষ্ট্রের মুখপাত্র নয়’—এই মূলমন্ত্রকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে ২০২৪ সালে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়। কমিশনের প্রতিবেদন কেবল একটি প্রশাসনিক রূপরেখা নয়; বরং এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের রূপকল্প,যেখানে আইন শুধু শক্তির বাহন নয়, ন্যায়ের হাতিয়ার।

ঔপনিবেশিক পুলিশিং থেকে জনবান্ধব পুলিশের দিকে: এক ইতিহাসের পাঠ

এই অঞ্চলে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যবসা-বাণিজ্য এবং বিষয়সম্পত্তির সুরক্ষায় এক ধরনের পুলিশি বন্দোবস্তের প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন থেকেই ইংরেজরা একটি পূর্ণাঙ্গ পুলিশ বাহিনী গঠন করে। বাহিনীটি পুনর্গঠন এবং তাকে আরও বেশি দক্ষ ও কার্যকর করতে ১৮৬০ সালে একটি পুলিশ কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশ অনুযায়ী ১৮৬১ সালে প্রণীত হয় পুলিশ আইন। বাংলাদেশের পুলিশের কাঠামো, দায়িত্ববণ্টন ও আচরণগত মডেলের ভিত্তি এখনো উত্তরাধিকারসূত্রে পাওয়া ব্রিটিশ ঔপনিবেশিক আমলের এই আইনের ওপর দাঁড়িয়ে আছে। আইনটি তৈরি হয়েছিল মূলত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নয়, বরং শাসকের কর্তৃত্ব রক্ষা ও বিদ্রোহ দমন করতে। ফলে এই ব্যবস্থার মূল ভিত্তি ছিল ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ, জনতার চেয়ে শাসকের    আনুগত্য, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার চেয়ে গোপনীয়তা ও জোর। স্বাধীনতার পরেও দক্ষিণএশিয়ার দেশগুলো এই কাঠামো পরিবর্তনে তেমন উদ্যোগ নেয়নি; বরং বিদ্যমান ব্যবস্থাকে সামান্য সংশোধনের মাধ্যমে টিকিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে পুলিশ সংস্কারের প্রশ্ন তাই কেবল প্রশাসনিক নয়—এটি একটি ঐতিহাসিক উত্তরাধিকার থেকে মুক্তির আন্দোলন। সময় এসেছে জনগণের সেবায় নিবেদিত, মানবিক ও জবাবদিহিমূলক পুলিশের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার।

পুলিশ সংস্কার প্রস্তাবের পূর্বাপর

সময়ের পথনকশায় পুলিশের সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর লক্ষ্য পুলিশের আধুনিকায়ন এবং একে আরও বেশি জনবান্ধব ও দক্ষ করে তোলা। ১৭৯২ সাল থেকেই এই প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত সংস্কারের বহু উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্কারের কিছু প্রস্তাব আংশিকভাবে বা বাস্তবায়িত হয়েছে, আবার কিছু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তবে ২০২৪ সালের কমিশনের সুপারিশগুলো বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে সাম্প্রতিক এবং ব্যাপক সংস্কারের দাবিদার। 

সংস্কারের আন্তর্জাতিক অভিজ্ঞতা

বিশ্বজুড়ে পুলিশ সংস্কার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু হয়ে উঠেছে। যুক্তরাজ্যে ‘পিলিয়ান প্রিন্সিপলস’ নামে পরিচিত নীতিমালার ভিত্তিতে পুলিশকে ‘জনগণের বন্ধু’ হিসেবে গড়ে তোলা হয়, যেখানে ‘দ্য পুলিশ আর দ্য পাবলিক অ্যান্ড দ্য পাবলিক আর দ্য পুলিশ’—এই দর্শন আজও কার্যকর।জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে পুলিশের পুনর্গঠন করা হয় ন্যায়তা, মানবাধিকার ও বিকেন্দ্রীকরণকে ভিত্তি করে। অপরদিকে, কানাডা ও অস্ট্রেলিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে পুলিশের সম্পর্কে উদ্ভূত অবিশ্বাস নিরসনে ‘কালচারাল সেনসিটিভিটি ট্রেনিং’, কমিউনিটি পুলিশিং ও ইনডিজেনাস প্রতিনিধি নিয়োগের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে ‘ডিফান্ড দ্য পুলিশ’ আন্দোলনের পর অনেক শহরেই মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য পুলিশ ছাড়াও ‘ক্রাইসিস রেসপন্স ইউনিট’ গড়ে তোলা হয়েছে। কেপটাউন ও নাইরোবির মতো শহরে সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোতে ‘ভায়োলেন্স ইন্টারাপ্টারস’ বা কমিউনিটি শান্তিদূত নিয়োগ করা হচ্ছে।এমনকি প্রতিবেশী ভারতেও বেশ কয়েকটি রাজ্যে পুলিশ কমিশনার ব্যবস্থা, আইটি-নির্ভর তদন্ত কাঠামো এবং ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা চালু হয়েছে।এসব উদাহরণ থেকে বাংলাদেশ শিখতে পারে সংস্কার মানে কেবল কাঠামো বদল নয়; এটি একধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানে পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, সহযাত্রী।

পুলিশ সংস্কার কমিশনের গঠন ও উদ্দেশ্য

পুলিশ সংস্কার কমিশন গঠিত হয় ২০২৪ সালের ৩ অক্টোবর, রাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও নং ৩৩০-আইন/২০২৪ অনুযায়ী। এই কমিশন গঠনের মূল প্রেক্ষাপট ছিল জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ ও পুলিশের কার্যক্রমে আস্থার সংকট। স্বাধীনতা-পরবর্তী সময়ে এটাই সবচেয়ে ব্যাপকভিত্তিক ও নাগরিক অংশগ্রহণনির্ভর পুলিশ সংস্কারের উদ্যোগ। কমিশনকে কেবল একটি গবেষণামূলক বা পরামর্শদাতা সংস্থা হিসেবে দেখা হয়নি; বরং তাকে রাষ্ট্র ও সমাজের মধ্যে সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টাও ছিল।

সাবেক সিনিয়র সচিব জনাব সফর রাজ হোসেনকে চেয়ারম্যান করে গঠিত কমিশনের সদস্যদের রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। ১১ সদস্যের কমিশনে সন্নিবেশিত করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী ও গবেষকও।

সত্যিকারের জনবান্ধব, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ করেছে কমিশন। এক্ষেত্রে ১৫টি থিমেটিক বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানবাধিকার সুরক্ষা, বলপ্রয়োগ নীতি, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিদ্যমান আইনি কাঠামোর সংস্কার, অযাচিত হয়রানির অবসান, বিদ্যমান বিভিন্ন সেবার মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং জনসম্পৃক্ত পুলিশিংয়ের প্রসার।

এর মধ্যে নিহিত রয়েছে রাষ্ট্রীয় কর্তৃত্বের সীমাবদ্ধকরণ, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের প্রতি পুলিশি দায়িত্বের নৈতিক মূল্যায়ন। এই দৃষ্টিভঙ্গি পুলিশকে আধুনিক ও গণতান্ত্রিক সমাজের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে ক্ষমতা প্রয়োগের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হবে।

নিচে পুলিশ সংস্কার কমিশন কর্তৃক পরিচালিত “কেমন পুলিশ চাই” জরিপের কিছু প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ টেবিল আকারে উপস্থাপন করা হলো। এই তথ্যগুলো কমিশনের মূল রিপোর্টের সংলগ্ন অংশ (অ্যানেক্স-৬) ও জরিপ প্রতিবেদন থেকে সংগৃহীত।সর্বোপরি, এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের পুলিশ সংস্কারের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক কাঠামো পরিবর্তন নয়, বরং পুলিশি সংস্কৃতির মৌলিক পুনর্গঠন, যা জনআস্থা ও ন্যায়বিচারের ভিত্তি দৃঢ় করবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী ও প্রগতিশীল পুলিশ ব্যবস্থা নির্মাণে ভূমিকা রাখবে।

জবাবদিহিতা ও মানবাধিকার: মূল চ্যালেঞ্জ

দক্ষ ও কার্যকর পুলিশ ব্যবস্থার জন্য জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিত করা সবচেয়ে জরুরি। এর ঘাটতি থাকলে পুলিশি ক্ষমতা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং নাগরিকরা নিরাপত্তার বদলে ভয়ের সঙ্গে সহাবস্থান করতে বাধ্য হয়। এই অবস্থা ভাঙতে কমিশন অভ্যন্তরীণ তদন্ত ইউনিটের স্বাধীনতা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার, থানা কার্যক্রম উন্মুক্তকরণ এবং হেফাজতে নির্যাতন রোধে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। প্রযুক্তিগত ও প্রশাসনিক এসব পদক্ষেপ পুলিশের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়াবে, যা আধুনিক ও জবাবদিহিমূলক পুলিশিংয়ের ভিত্তি গড়তে সহায়ক হবে।

এ ছাড়া, কমিশনের মূল লক্ষ্য হলো পুলিশের ক্ষমতাকে বিচ্ছিন্ন নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে জনসেবা ও ন্যায়বিচারের একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই সঙ্গে জবাবদিহিতা ও মানবাধিকারকে সমুন্নত রেখে এমন এক আধুনিক পুলিশ সংস্কৃতি গড়ে তোলা, যেখানে নাগরিকদের প্রতি দায়বদ্ধতা বজায় থাকবে এবং শক্তির অপব্যবহার কমাবে। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা নিশ্চিত করে পুলিশের আচরণে নৈতিকতার প্রাধান্য বাড়ানো, যা গণতান্ত্রিক কাঠামোর মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে।

কমিউনিটি পুলিশিং ও জনগণের সম্পৃক্ততা

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় “লিগ্যাল অথরিটি” আর “মোরাল অথরিটি” আলাদা কিছু নয়—যেখানে পুলিশের কার্যকারিতা নির্ভর করে জনগণের সঙ্গে তার সম্পর্কের গভীরতার উপর। সে কারণে কমিউনিটি পুলিশিং কেবল একটি কৌশল নয়, বরং একটি দার্শনিক অবস্থান—যেখানে পুলিশ জনগণের অভ্যন্তরীণ অংশীদার হয়ে ওঠে, শাসকের বাহিনী নয়।
কমিশন যে তৃণমূল কমিটি, নাগরিক পর্যবেক্ষক ও থানা পর্যায়ে জনশুনানির কথা বলেছে, তা আসলে স্থানীয় গণতন্ত্রের সম্প্রসারণ। পুলিশকে জনগণের নিকটবর্তী করা মানে রাষ্ট্রকে জনগণের অধিকারের কাছে দায়বদ্ধ করা। এটি সামাজিক পুঁজি গঠনের এক বিকল্প পথ।

প্রাতিষ্ঠানিক কাঠামো ও পেশাদারিত্ব

একটি বাহিনীর দক্ষতা কেবল সদস্যসংখ্যা বা অস্ত্রভাণ্ডারের উপর নির্ভর করে না, বরং তার অভ্যন্তরীণ ন্যায়তা, পেশাগত সম্মানবোধ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভর করে। ঔপনিবেশিক পুলিশ কাঠামো ছিল দমনমূলক—সেবার নয়। কমিশন এই কাঠামোর ভাঙন চায়, যার মাধ্যমে একটি আধুনিক, বিকেন্দ্রীকৃত এবং বিষয়ভিত্তিক বিশেষায়িত বাহিনী গড়ে উঠবে.
বিশেষায়িত ইউনিটের প্রসার এবং ক্যারিয়ার ট্র্যাকের পুনর্বিন্যাসের প্রস্তাব আসলে পুলিশের মধ্যে মেরিটোক্রেসি নিশ্চিতের এক প্রয়াস। এখানেই রাষ্ট্রনীতি ও মানবসম্পদ ব্যবস্থাপনার সমন্বয় ঘটে—যেখানে দক্ষতা, নিষ্ঠা ও স্বচ্ছতা পুরস্কৃত হয়।

প্রশিক্ষণ, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন

যুগ পরিবর্তন হয়েছে, অপরাধের ধরনও পাল্টেছে। আজকের অপরাধীরা কেবল শারীরিক শক্তি নয়, তথ্য, প্রযুক্তি এবং জাল তথ্যের শক্তিও ব্যবহার করে। তাই পুলিশের দক্ষতা যদি কৌশলগত, প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক না হয়, তাহলে রাষ্ট্র পিছিয়ে থাকবে।

কমিশনের প্রস্তাবিত প্রশিক্ষণ কাঠামো ও লিডারশিপ কোর্স আসলে এক নতুন ধরনের ‘স্টেট ক্যাডার’ তৈরির আহ্বান—যেখানে পুলিশ হবে সমস্যার সমাধানকারী, কেবল আদেশ বাস্তবায়নকারী নয়। পুলিশ লাইনের পরিবেশ উন্নয়ন, নারী সদস্যদের নিরাপত্তা এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা—এসবই পুলিশকে ২১ শতাব্দীর উপযুক্ত বাহিনীতে রূপান্তরের রূপরেখা।

থানা সংস্কার: সেবার কেন্দ্র হিসেবে রূপান্তর

থানা হলো রাষ্ট্র ও নাগরিকের প্রথম মিলনস্থল। যদি প্রথম সাক্ষাৎ অভদ্রতা, হয়রানি ও ভীতি দিয়ে শুরু হয়, তবে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কখনোই আস্থার হতে পারে না। কমিশনের প্রস্তাবিত রিসেপশন ডেস্ক, নারী-শিশু সহায়ক সেল, রেকর্ডিং ব্যবস্থা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে থানাকে ‘সার্ভিস সেন্টার’-এ রূপান্তর করার যে ধারণা, তা এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি।
এটি কেবল কাঠামোগত পরিবর্তন নয়, বরং দর্শনগত রূপান্তর—যেখানে পুলিশ হচ্ছে নাগরিক সেবার প্রতীক, রাষ্ট্রীয় ভীতি বা দমননীতির নয়। এই দর্শন গণতন্ত্রের মর্মবাণী।

অপরাধ প্রবণতা ও সমাজভিত্তিক প্রতিকার

অপরাধ সমাজের অন্তর্গত এক জটিল বাস্তবতা। কেবলমাত্র আইনি কঠোরতা দিয়ে অপরাধ রোধ করা সম্ভব নয়; সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমেই এ সমস্যার মূলে পৌঁছানো যায়। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ধর্মীয় উগ্রতা, মাদকাসক্তি ও হিংসার বৃদ্ধি সমাজের বিচ্ছিন্নতা ও ব্যর্থতার প্রকাশ। এই সংকট থেকে উত্তরণে দরকার সমগ্র সমাজকে একত্রিত করে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দুর্বল ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই।
এমন বাস্তবতা বিবেচনায় কমিশন এনজিও, সরকারি মন্ত্রণালয় ও স্থানীয় সমাজের সঙ্গে সমন্বয়মূলক কাজের ওপর জোর দিয়েছে। এটি এক ধরনের ‘প্রিভেনটিভ গভর্ন্যান্স’ বা প্রতিরোধমূলক শাসনব্যবস্থা, যেখানে পুলিশ শুধু অপরাধ দমন করে থেমে থাকবে না, বরং সমাজসেবায় মনোনিবেশ করবে। পুলিশের কাজ হবে অপরাধ দমনের পাশাপাশি সমাজের কল্যাণ ও সুরক্ষায় অবিচ্ছিন্ন ভূমিকা পালন করা—এক ধরনের ‘সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্ট্রুমেন্ট’ হিসেবে নিজের পরিচয় গড়ে তোলা। এভাবে অপরাধের মূল উৎস ধরে প্রতিরোধ কার্যক্রম চালানো সম্ভব হবে, যা সমাজে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির দিশা দেখাবে।

নারী ও সংখ্যালঘু বিষয়ক অন্তর্ভুক্তিমূলক সংস্কার

পুলিশে অন্তর্ভুক্তি শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রশ্ন নয়; এটি একটি রাষ্ট্র কীভাবে নিজেকে দেখে, তারও প্রতিফলন। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ বাড়ানো মানে পুলিশের ভেতরেই সমাজের একটি ছোট সংস্করণ—একটি মিনি-সোসাইটি গড়ে তোলা। এতে বাহিনীর…
কাজের পরিধি যেমন বাস্তবতার কাছাকাছি আসে, তেমনি জনগণের সঙ্গে সম্পর্কও হয় আরও বিশ্বাসভাজন। পাহাড়ি অঞ্চলের এক নারী, বা ধর্মীয় সংখ্যালঘুদের কেউ যখন পুলিশের অংশ হন, তখন তা শুধু প্রতীকী নয়—তাদের উপস্থিতিই পুলিশের ভূমিকার নতুন দিগন্ত উন্মোচন করে। এই অন্তর্ভুক্তিই পুলিশের প্রতি জনগণের আস্থা গড়ে তোলে।
কমিশনের প্রস্তাবিত ‘জেন্ডার রেসপন্সিভ পুলিশিং’ কেবল নারীবান্ধব উদ্যোগ নয়, বরং এটি একটি নৈতিক ও সাংগঠনিক ন্যায়তার দাবি। এখানে নারীকে শুধু সহানুভূতির জায়গা থেকে নয়, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণেও সমানভাবে দেখতে চাওয়া হয়েছে। পুলিশের মতো রাষ্ট্রীয় শক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বৈচিত্র্য থাকলে সেটি শুধু বাহিনীর ভেতরকার ভারসাম্যই নিশ্চিত করে না, বরং সমাজের প্রতিটি শ্রেণি ও পরিচয়ের মানুষের নিরাপত্তাও নিশ্চিত করে। একটি প্রতিনিধিত্বশীল পুলিশ বাহিনীই পারে জনগণের পাশে দাঁড়াতে—যেখানে কেউ বিচ্ছিন্ন বা অবহেলিত বোধ করবে না। এতে রাষ্ট্রের নৈতিক অবস্থানও হয় আরও দৃঢ় ও মানবিক।

১৮৬১ সালের পুলিশ আইন একটি ঔপনিবেশিক আইন, যার মূল উদ্দেশ্য ছিল জনগণকে দমন করা। আজকের বাস্তবতায় এই আইন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। কমিশনের প্রস্তাবিত নতুন ‘বাংলাদেশ পুলিশ আইন’ আসলে একটি নতুন সামাজিক চূড়ান্ত কাঠামো—যেখানে মানবাধিকার, জবাবদিহিতা ও অপারেশনাল স্বচ্ছতা থাকবে একে অপরের পরিপূরক হিসেবে।
নতুন আইন মানে শুধু ধারা ও উপধারার পরিবর্তন নয়; এটি রাষ্ট্রচিন্তার রূপান্তর, যেখানে পুলিশ আর ঔপনিবেশিক বাহিনী নয়, বরং গণতান্ত্রিক নৈতিকতার বাহক।

বাস্তবায়নের পথ ও সম্ভাব্য বাধাসমূহ

যেকোনো সংস্কার বা বাস্তবায়নে কিছু বাধা আসবেই—এটাই স্বাভাবিক। বিশেষ করে যখন বিষয়টি পুলিশ সংরক্ষণের মতো সংবেদনশীল, তখন সেটা আরও জটিল হয়ে দাঁড়ায়। এখানে শুধু ভালো নীতিমালা থাকলেই চলবে না; দরকার রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনের দক্ষতা এবং নাগরিক সমাজের সক্রিয় নজরদারি। দুর্নীতিপরায়ণ কিছু অংশ, ক্ষমতা নির্ভর…
আচরণ, আর দীর্ঘদিনের প্রশাসনিক অভ্যস্ততা—এগুলোই বড় চ্যালেঞ্জ। এসব পেরিয়ে সংরক্ষণ এগিয়ে নিতে হলে দরকার একটি পরিকল্পিত ও দায়বদ্ধ বাস্তবায়ন কাঠামো।
এই বাস্তবায়ন মাথায় রেখেই কমিশন প্রস্তাব করেছে ‘পুলিশ রিফর্ম ইমপ্লিমেন্টেশন অথরিটি’—একটি শক্তিশালী সংস্থা, যার কাজ হবে সংরক্ষণের কার্যক্রম তদারকি ও বাস্তবায়ন নিশ্চিত করা। এখানে শুধু নির্দেশনা থাকবে না; নির্দিষ্ট সময়সীমা, কাজের অগ্রগতির হিসাব এবং নাগরিকদের অংশগ্রহণের সুযোগও থাকবে। এটা শুধু প্রশাসনিক নয়, বরং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রকাশ। জনগণের নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে হলে, এমন বাস্তবায়ন কাঠামোই হতে পারে দীর্ঘমেয়াদি পরিবর্তনের মূল চাবিকাঠি।

উপসংহার

সংরক্ষণের এমন এক রূপান্তর, যা শুধু প্রাতিষ্ঠানিক কাঠামোয় সীমাবদ্ধ থাকে না—বরং সমাজের নৈতিক মূল্যবোধ, প্রশাসনিক আচরণ এবং রাষ্ট্রক্ষমতার ব্যবহার নিয়ে মৌলিক প্রশ্ন তোলে। আইন পরিবর্তন তুলনামূলকভাবে সহজ; কিন্তু সেই আইন যেন ন্যায়বিচার নিশ্চিত করে, জনমানুষের মধ্যে আস্থা সৃষ্টি করে—সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে সংরক্ষণের হতে হবে চিন্তা ও নীতির গভীরে প্রোথিত।

প্রকৃত সংরক্ষণ হলো এক ধরণের আত্মপর্যালোচনা, যেখানে রাষ্ট্র নিজেকে প্রশ্ন করে: আমরা কী ছিলাম, কী হতে চাই, আর কাদের জন্য এই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে? এমন সংরক্ষণ বাস্তবায়িত হয় তখনই, যখন তা কেবল শাসকদের অভিপ্রায় নয়, জনগণের প্রত্যাশারও প্রতিফলন ঘটে। এটি একতরফা নয়—বরং একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়বিচারক এবং জনবান্ধব রাষ্ট্রীয় পরিবর্তনের সূচনা।
আদেশ নয়, বরং রাষ্ট্র ও নাগরিকের মাঝে এক নব চিত্রের সূচনা—যেখানে ক্ষমতা নয়, সেবাই হয় মূল দর্শন। এই চেতনা থেকেই জন্ম নেয় মানবিক আইন প্রয়োগ, গণমুখী পুলিশিং, এবং সৎ অর্থে জনগণের রাষ্ট্র।

লেখক:
লেখক ও বিশ্লেষক
সিনিয়র এডিটর, ইন্টেলিস সলিউশন

 

সম্প্রতি

নাগরিক সংযোগ