জুন ২০২৫
পরিবর্তনের আকাঙ্ক্ষা আজ সর্বত্র। পুরোনো মোহ আর ভুল চিন্তা-চেতনা দূরে সরিয়ে, সংশয় আর দ্বিধা পেছনে ফেলে নতুন বন্দোবস্তের অপেক্ষায় সবাই। পুলিশও এর বাইরে নয়। ইতিহাসের সর্পিল পথের মোড়ে দাঁড়িয়ে সে হতে চাইছে আরও জনবান্ধব, আরও জনসম্পৃক্ত—সত্যিকারের জনতার পুলিশ। পীড়নময় সমাজব্যবস্থা ও নীতিহীন রাজনীতির কারবারিদের রাহুমুখ থেকে জনগণের প্রকৃত রক্ষী হওয়াই তার অভিপ্রায়। প্রাচীন ভারতে পুলিশকে এই নামেই ডাকা হতো—জান-মাল রক্ষা করাই যার কাজ।
আধুনিক পুলিশের কাজের ব্যাপ্তি অবশ্য আরও প্রসারিত হয়েছে। অন্তঃশত্রু থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাকে সমুন্নত রাখতে হয় মানবাধিকার। নিশ্চিত করতে হয় নিরপেক্ষতা ও জবাবদিহিতা। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বহু নাগরিক সেবাও দিতে হয় তাকে। এ জন্য প্রয়োজন পড়ে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে নৈতিকতার উত্তম চর্চা। তারই প্রতিফলন জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে; যার অভীষ্ট—পুলিশ কেবল কোনো গোষ্ঠীর নয়, সবার। এ নিয়ে বিস্তৃত আলোচনা থাকছে ডিটেকটিভ-এর এই সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে।
এ বছর পুলিশ সপ্তাহ পালিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে ধারণ করে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন বাস্তবতায়। এটি কেবল বার্ষিক উদ্যাপন নয়; সাংগঠনিক ও নৈতিক পুনর্জাগরণেরও বার্তা। সেই বার্তাই উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী ভাষণে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বাহিনীর নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে তিনি দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পুলিশ জনগণের বন্ধু—এই ভাবমূর্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। এ নিয়ে থাকছে আমাদের পৃথক প্রতিবেদন।
জুলাই অভ্যুত্থান এক নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। এই নতুন বন্দোবস্তে পুলিশ বাহিনীর ভূমিকা কী? চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলই বা কেমন? এসব নিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম-এর সঙ্গে কথা বলেছে ডিটেকটিভ। কথোপকথনে উঠে এসেছে জনবান্ধব পুলিশিংয়ের রূপরেখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও। আইজিপি মহোদয়ের কৌতূহলোদ্দীপক সাক্ষাৎকারটি পাঠকের সামনে বিশদভাবে তুলে ধরা হয়েছে।
এই সংখ্যায় আরও থাকছে পাঠকের কণ্ঠস্বর, টিপস, ক্যারিয়ার জার্নি, মানবিকতা ও ধর্ম, শিক্ষা ও স্বাস্থ্য—এর মতো নিয়মিত আয়োজন। সংক্ষিপ্ত কলেবরে আমরা তুলে এনেছি দেশজুড়ে পুলিশের নানা সেবা ও কার্যক্রমের ছবি ও খবর। পরিভ্রমণ করেছি সীমানা ছাড়িয়ে সুদূরে, বিভিন্ন দেশের পুলিশ–সংক্রান্ত ঘটনাপ্রবাহেও।
প্রিয় পাঠক, আশা করি আমাদের এই প্রয়াস বাংলাদেশ পুলিশ, তার রূপান্তর ও কার্যক্রম নিয়ে আপনার অনেক জিজ্ঞাসার উত্তর দেবে। আপনার মূল্যবান মতামত ও মন্তব্য ডিটেকটিভ-এর পথচলাকে আরও এগিয়ে নেবে।
