সোমবার, এপ্রিল ৬, ২০২৬
30 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধপুলিশিং পদ্ধতিজননিরাপত্তায় তাৎক্ষণিক সেবা ঃ  রিআ্যাক্টিভ পুলিশিং

জননিরাপত্তায় তাৎক্ষণিক সেবা ঃ  রিআ্যাক্টিভ পুলিশিং

মেহেদি হাসান
,

আমাদের চারপাশে যখনই কোনো বিপদ ঘটে, সাহায্যের জন্য প্রথম ভরসাস্থল হলো পুলিশ। জরুরি সহায়তা নম্বরে ফোন করে আমরা যখনই বিপদের কথা জানাই, তখনই তারা দ্রুত সেবায় ঝাঁপিয়ে পড়েন। কিন্তু কখনও কি ভেবে দেখেছি, দ্রুত সাড়া দেওয়ার এমন পদ্ধতি কি আগের দিনেও ছিল?

বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মাত্র একটি ৯৯৯ ফোন কলেই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স—এই তিনটি জরুরি পরিষেবা একসাথে পাওয়া যায়। অথচ খুব বেশিদিন আগের কথা নয়, যখন এটি চিন্তাই করা যেত না। থানায় যেতে হতো, লিখিত অভিযোগ দিতে হতো, তবেই ব্যবস্থা নেওয়া হতো। একসময় এটাই ছিল পুলিশের প্রচলিত পদ্ধতি।

আজকের এই আধুনিক ও প্রযুক্তিনির্ভর ‘কল-ফর-সার্ভিস’ মডেলের পেছনে রয়েছে শত বছরের বিবর্তন। আঠারো শতকের লন্ডনের বিশৃঙ্খল ‘থিফ-টেকার’ যুগ থেকে শুরু করে আজকের আধুনিক রিঅ্যাক্টিভ পুলিশিং পর্যন্ত এই যাত্রাপথ কেবল প্রযুক্তির উন্নয়ন নয়, বরং সমাজে অপরাধ মোকাবিলার চিন্তাধারার এক মৌলিক পরিবর্তনেরও প্রতিফলন।

আঠারো শতকে আইন প্রয়োগ বা অপরাধী ধরার কাজটি ছিল মূলত ব্যক্তিগত বা সামাজিক দায়িত্ব, যা ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও দুর্নীতিগ্রস্ত কার্যক্রম। এই ব্যবস্থায় ‘থিফ-টেকার’ নামে এক শ্রেণির নাগরিক অর্থ বা পুরস্কারের বিনিময়ে অপরাধী ধরার কাজ করত। তবে প্রায়ই তারা নিরপরাধ মানুষকে

ফাঁসানো বা চুরি হওয়া জিনিস ফেরতের বিনিময়ে অর্থ আদায়ের মতো অনৈতিক কাজে লিপ্ত থাকত। এছাড়া মধ্যযুগে প্রচলিত ‘হিউ অ্যান্ড ক্রাই’ নামক ব্যবস্থায় কোনো অপরাধ ঘটলে ভুক্তভোগীকে চিৎকার করে সাহায্য চাইতে হতো এবং আশেপাশের নাগরিকরা একত্র হয়ে অপরাধীকে তাড়া করত। এই অকার্যকর ও ভঙ্গুর ব্যবস্থার ফলে লন্ডনে অপরাধের হার দ্রুত বাড়তে থাকে।

তৎকালীন ব্রিটেনের বিশিষ্ট ম্যাজিস্ট্রেট, লেখক ও চিন্তক স্যার হেনরি ফিল্ডিং লন্ডনের ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বপ্রথম একটি সংগঠিত পুলিশ মডেল গঠন করেন, যা ‘বো স্ট্রিট রানার্স’ নামে পরিচিত ছিল। এটি আধুনিক পুলিশের প্রথম রূপ হিসেবে বিবেচিত। বো স্ট্রিট রানার্স অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। এটাই ছিল রিঅ্যাক্টিভ পুলিশিংয়ের প্রাথমিক উদাহরণ।

বিশ শতকের শুরুর দিকে প্রযুক্তিগত বিপ্লব, বিশেষ করে টেলিফোন, টু-ওয়ে রেডিও ও মোটরগাড়ির ব্যবহার রিঅ্যাক্টিভ পুলিশিংয়ের প্রকৃতি আমূল পরিবর্তন করে দেয়। এসব প্রযুক্তি রিঅ্যাক্টিভ পুলিশিংয়ের কার্যকারিতা বাড়ালেও একই সঙ্গে এর সীমাবদ্ধতাও স্পষ্ট করে তোলে।

মানুষ যখন কোনো সমস্যার সমাধানের জন্য ফোনে পুলিশ ডাকতে শুরু করে, তখন পুলিশের ভূমিকা কেবল অপরাধ প্রতিরোধে সীমাবদ্ধ থাকে না। কেন্দ্রীভূত কল সেন্টার ও রেডিও ডিসপ্যাচ ব্যবস্থা পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বহুগুণে বাড়ায়। এই পরিবর্তনের মধ্য দিয়ে রিঅ্যাক্টিভ পুলিশিং কল-ফর-সার্ভিস মডেলে পরিণত হয়। তবে এর ফলে পুলিশের ওপর কলের চাপ বেড়ে যায়, যা সীমিত জনবল ও সক্ষমতার ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করে।

বর্তমান সময়ে রিঅ্যাক্টিভ পুলিশিংয়ের তিনটি প্রধান পদ্ধতি হলো—জরুরি সাড়া প্রদান, প্রথাগত টহল এবং অপরাধ তদন্ত।

জরুরি সাড়া প্রদান:

এটি রিঅ্যাক্টিভ মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একটি সুসংগঠিত জরুরি সাড়া প্রদান ব্যবস্থা নাগরিকদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে দ্রুত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠায়। বাংলাদেশের ৯৯৯ পরিষেবা একটি সফল উদাহরণ, যা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সকে একই প্ল্যাটফর্মে এনে জরুরি সাড়া প্রদানের কার্যকারিতা বহুগুণে বাড়িয়েছে।

রুটিন টহল:

কল-ফর-সার্ভিস মডেলে আসা অধিকাংশ কলের প্রতিক্রিয়ায় পুলিশের বেশিরভাগ সময় ব্যয় হয় টহল কার্যক্রমে। যদিও ক্যানসাস সিটি প্যাট্রোল এক্সপেরিমেন্ট থেকে দেখা যায়, এই টহলগুলো অপরাধপ্রবণতা হ্রাসে তেমন কার্যকর ভূমিকা রাখে না। এগুলো প্রতিরোধমূলক (প্রোঅ্যাক্টিভ) হলেও এর মূল উদ্দেশ্য অপরাধ ঘটলে দ্রুত সাড়া দেওয়ার সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা।

অপরাধ তদন্ত:

অপরাধ সংঘটিত হওয়ার পর রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন, আহতদের সহায়তা দেন এবং ক্রাইম সিন সুরক্ষিত করেন, যেন প্রমাণ নষ্ট না হয়। এরপর আলামত সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ, ফরেনসিক বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। শেষে সমস্ত প্রমাণ একত্র করে প্রসিকিউটরের কাছে মামলা উপস্থাপনের জন্য পাঠানো হয়।

বর্তমানে বাংলাদেশ পুলিশ মূলত একটি রিঅ্যাক্টিভ ফোর্স হিসেবে কাজ করছে। এর অন্যতম বড় সাফল্য হলো ৯৯৯ জাতীয় জরুরি পরিষেবা। এই সফল কল-ফর-সার্ভিস মডেলটি নাগরিক ও পুলিশের মধ্যকার যোগাযোগকে আরও দ্রুত ও ঘনিষ্ঠ করেছে। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক টুলস ও নেটওয়ার্ক ইন্টারসেপশনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার রিঅ্যাক্টিভ পুলিশিংকে আরও কার্যকর করেছে।

তবে প্রাতিষ্ঠানিক কাঠামোর অতিরিক্ত কেন্দ্রীভূতকরণ, পর্যাপ্ত জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি এবং প্রশিক্ষণের অভাব এখনো এই মডেলের সাফল্যের পথে বড় বাধা।

রিঅ্যাক্টিভ পুলিশিং অপরাধ দমন ও জরুরি সাড়া প্রদানে অপরিহার্য হলেও, এর ওপর অতিরিক্ত নির্ভরতা কিছু মৌলিক সীমাবদ্ধতা তৈরি করে। প্রথমত, প্রচুর কলের কারণে সীমিত জনবল ও সম্পদের ওপর চাপ সৃষ্টি হয়। ফলে কর্মকর্তাদের সবসময় জরুরি পরিস্থিতিতে কাজ করতে হয়, যা তাদের কর্মদক্ষতা কমিয়ে দেয়।

দ্বিতীয়ত, এটি কেবল তাৎক্ষণিক ঘটনায় সাড়া প্রদানের মডেল। কিন্তু অপরাধের মূল কারণ—যেমন দারিদ্র্য, বেকারত্ব বা সামাজিক অস্থিরতা—সেগুলোর সমাধানে এই মডেল কাজ করে না। ফলে এক ধরনের অপরাধের চক্র সৃষ্টি হয়।

তৃতীয়ত, রিঅ্যাক্টিভ মডেলের অতিরিক্ত ব্যবহার পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ককে দূরে ঠেলে দেয়। যেসব এলাকায় রিপোর্ট কম, সেখানে পুলিশের উপস্থিতি কমে, যা জনগণের মধ্যে আস্থাহীনতার মনোভাব তৈরি করে।

স্যার হেনরি ফিল্ডিংয়ের বো স্ট্রিট রানার্স থেকে শুরু করে বর্তমানের প্রযুক্তিনির্ভর কল-ফর-সার্ভিস মডেল পর্যন্ত রিঅ্যাক্টিভ পুলিশিং এক দীর্ঘ পথ অতিক্রম করেছে। এটি অপরাধ দমনের এক অপরিহার্য দিক হলেও এর সীমাবদ্ধতাও প্রকট। বাংলাদেশের প্রেক্ষাপটে ঔপনিবেশিক উত্তরাধিকার, রাজনৈতিক প্রভাব, জনবল ঘাটতি ও প্রযুক্তির অপব্যবহার—সবই এই মডেলের কার্যকারিতা সীমিত করছে। তাই একটি জনবান্ধব ও কার্যকর পুলিশ গঠনের জন্য শুধু রিঅ্যাক্টিভ মডেলের ওপর নির্ভর না করে, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তির জনসেবামূলক ব্যবহার ও জনগণের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, সমন্বিত মডেলের দিকে এগিয়ে যাওয়া জরুরি।

এর বিপরীতে প্রোঅ্যাক্টিভ ও প্রেডিক্টিভ পুলিশিং মডেল অপরাধ প্রতিরোধে গুরুত্ব দেয়। এসব মডেলে তথ্য বিশ্লেষণ, অপরাধের পূর্ববর্তী ধারা ও প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। যেমন—কোনো অঞ্চলে চুরির হার বেশি হলে সেখানে টহল জোরদার করা বা জনসচেতনতামূলক কার্যক্রম চালানো যায়। এটি অপরাধ হ্রাসের পাশাপাশি জনগণের নিরাপত্তাবোধও বাড়ায়।

বাংলাদেশ পুলিশের জন্য ভবিষ্যতের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে রিঅ্যাক্টিভ মডেলের

সঙ্গে প্রেডিক্টিভ ও প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ের সমন্বয়। এর মাধ্যমে শুধু দুর্বলতা কাটিয়ে ওঠাই নয়, পাশাপাশি জনগণের সঙ্গে আস্থা ও অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলাও সম্ভব হবে, যা শেষ পর্যন্ত একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

লেখক
শিক্ষার্থী ও গবেষক
ঢাকা বিশ্ববিদ্যালয়

 

সম্প্রতি

নাগরিক সংযোগ