ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর Louvre Museum–এ সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় চুরি হওয়া ঐতিহাসিক গহনাগুলো INTERPOL–এর Stolen Works of Art ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৫, রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাদুঘরের ‘গ্যালারি দ্য অ্যাপোলো’তে ঢুকে চোরেরা অমূল্য নয়টি গহনা চুরি করে নিয়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, চারজন সন্দেহভাজন একটি যানবাহনে স্থাপিত যান্ত্রিক মই ব্যবহার করে গ্যালারিতে প্রবেশ করে প্রদর্শনী কেস কেটে গহনাগুলো নিয়ে পালিয়ে যায়। এসব গহনা ফ্রান্সের উনিশ শতকের রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এবং এতে হাজারো হীরা ও মূল্যবান রত্নখচিত ছিল। ঘটনাস্থল থেকেই ফ্রান্সের সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত একটি মুকুট উদ্ধার করা গেলেও বাকি আটটি গহনা এখনও নিখোঁজ।
চুরি হওয়া এসব সামগ্রী এখন ইন্টারপোলের আন্তর্জাতিক শিল্পকর্ম চুরি–সংক্রান্ত ডাটাবেজে যুক্ত রয়েছে, যেখানে বিশ্বজুড়ে হারানো ও চুরি হওয়া ৫৭ হাজারের বেশি শিল্পবস্তুর তথ্য সংরক্ষিত। একই সঙ্গে ইন্টারপোল একটি বিশেষ সতর্কতা পোস্টার প্রকাশ করে সদস্য রাষ্ট্রগুলোকে বিষয়টি জানানো হয়েছে। চুরি হওয়া গহনাগুলোর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ইন্টারপোলকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
