নকল ও ভেজাল পণ্য—বিশেষ করে ভুয়া ওষুধ, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিকস, বিস্ফোরণঝুঁকিপূর্ণ ব্যাটারি ও বিষাক্ত বর্জ্য—বিশ্বজুড়ে জনস্বাস্থ্য, অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মেধাস্বত্ব (IP) অপরাধ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা ও আধুনিক প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে INTERPOL–এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ২০২৫ International Law Enforcement IP Crime Conference–এ প্রায় ৭০টি দেশের ৪৫০ জন প্রতিনিধি এবং ২৩০টি আন্তঃখাত সংস্থার অংশগ্রহণে নকল ও পাইরেসি অপরাধের নতুন প্রবণতা, ঝুঁকি ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। INTERPOL ও UL Standards & Engagement–এর যৌথ আয়োজনে সম্মেলনটি বাস্তবায়ন করে INTERPOL Global Academy–এর International IP Crime Investigators College (IIPCIC)।
সম্মেলনে বক্তারা বলেন, মেধাস্বত্ব অপরাধকে অনেক সময় কম ক্ষতিকর বলে মনে করা হলেও বাস্তবে এটি সংগঠিত অপরাধ, দুর্নীতি ও মানব পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে গভীরভাবে জড়িত। নকল পণ্যের কারণে উদ্ভাবন ও সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হয়, জনআস্থা কমে এবং জননিরাপত্তা ঝুঁকিতে পড়ে।
সম্মেলনে ভার্চুয়াল রিয়েলিটি–ভিত্তিক ইমার্সিভ প্রশিক্ষণসহ আধুনিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ তুলে ধরা হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস্তবসম্মত পরিবেশে নকল পণ্য ও জাল নথি শনাক্ত ও মোকাবিলার অনুশীলন করেন। পাশাপাশি ভুয়া ওষুধ, পরিবেশগত ক্ষতি, পরিবহনের সময় ঝুঁকিপূর্ণ নকল পণ্যের নিরাপত্তা হুমকি এবং সফল অভিযানগুলোর অভিজ্ঞতা বিনিময় করা হয়।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো অংশীদারিত্ব জোরদার, দক্ষতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী মেধাস্বত্ব অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি ও সক্ষমতা আরও শক্তিশালী করা।
