আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা, নিয়ম মেনে যানবাহন পরিচালনা এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের সব শ্রেণির সম্মিলিত দায়িত্ব। ট্রাক চালক ও ব্যবসায়ীরা নিয়ম মেনে চললে নগরীর যান চলাচল আরও শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ হবে। তিনি মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার আরও বলেন, শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। একই সঙ্গে খুলনা নগরীকে স্বচ্ছ ব্যবসা, নিয়মমাফিক পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ নাগরিক জীবনের একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও আড়ৎ মালিক সমিতির নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন এবং যৌথভাবে সমাধানে কাজ করার আশ্বাস দেন। এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
