মোঃ হাবিব-উল-বাহার
অপরাধ মানে শুধুই কি প্রথাগত হানাহানি, চৌর্যবৃত্তি, নিপীড়ন কিংবা হত্যার প্রতিচ্ছবি?
উত্তর হলো—না। আধুনিক সমাজবিজ্ঞান ও অপরাধবিজ্ঞানে অপরাধের চিত্র বহুমুখী। অপরাধ সবসময় একরকম নয় এবং এর জগৎ এখন বহু বর্ণে রঞ্জিত হয়েছে।এই কথাটি কেবল রূপক অর্থেই বলা হচ্ছে, তা নয়; বাস্তবেও এমনটি ঘটছে। একেক শ্রেণির অপরাধী, একেক পেশার মানুষ তাদের নিজস্ব সুযোগ ও কৌশল ব্যবহার করে অপরাধ ঘটায়। একজন ব্যাংক ম্যানেজার যে উপায়ে অপরাধ করে, একজন শ্রমিক বা একজন হ্যাকারের অপরাধের পথ তার থেকে ভিন্ন।
অপরাধবিজ্ঞানে পেশার ভিত্তিতে অপরাধের ধরনকে রংভিত্তিক শ্রেণিবিন্যাস করা হয়েছে, যাকে বলা হয় ‘কলার ক্রাইমস’। এই ধারণাটি কেবল পেশাভিত্তিক বিভাজনই নয়, বরং অপরাধের সামাজিক স্তর ও এর শিকার হওয়ার ধরনকেও নির্দেশ করে।
এই নতুন ধারাটি অনেকটা রহস্য উপন্যাসের মতো করে আধুনিক সমাজের ক্ষমতা, বিশ্বাস আর প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলো উন্মোচন করে।
এই রংভিত্তিক অপরাধের জগতে সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় শ্রেণি হলো হোয়াইট কলার ক্রাইম। ১৯৩৯ সালে সমাজবিজ্ঞানী এডউইন সাদারল্যান্ড এই শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি বলেন, যখন একজন সম্মানিত ও উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি তার পেশাগত অবস্থান ব্যবহার করে অপরাধ করে, তখন সেটি হোয়াইট কলার ক্রাইম।
এই অপরাধীরা সমাজে ভদ্র ও বিশ্বাসযোগ্য হিসেবে পরিচিত হলেও, তাদের কর্মের প্রভাব হয় সুদূরপ্রসারী ও বিধ্বংসী।
হোয়াইট কলার ক্রাইম সাধারণত অহিংস প্রকৃতির হলেও এর মাধ্যমে সংঘটিত প্রতারণা—যেমন কর ফাঁকি, ঘুষ, ইনসাইডার ট্রেডিং, কোম্পানির তহবিল আত্মসাৎ অথবা ব্যাংক জালিয়াতি—অর্থনৈতিক ক্ষত তৈরি করে অত্যন্ত গভীরভাবে। জটিল বীমা জালিয়াতি (ইনস্যুরেন্স ফ্রড) বা কর্পোরেট গুপ্তচরবৃত্তি (কর্পোরেট এসপিওনেজ) এই ধরনের অপরাধের অন্তর্ভুক্ত।
এই অপরাধগুলো কেবল দেশের অর্থনৈতিক ভারসাম্যই নষ্ট করে না, বরং রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়ে এক গভীর সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। এর ফলস্বরূপ নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর চাপ বাড়ে এবং অপরাধীদের শনাক্ত করা ও শাস্তি দেওয়া কঠিন হয়ে ওঠে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অপরাধ সংঘটিত হয় আইনের ফাঁকফোকর ব্যবহার করে।
এই আভিজাত্যের সম্পূর্ণ বিপরীতে রয়েছে ব্লু কলার ক্রাইম, যা মূলত শ্রমজীবী বা নিম্নবিত্ত শ্রেণির মানুষদের দ্বারা সংঘটিত হয়। এই অপরাধের জন্ম হয় তাৎক্ষণিক আবেগ, দারিদ্র্যের চাপ বা সামাজিক বৈষম্যের মতো রূঢ় বাস্তবতা থেকে।
হোয়াইট কলার অপরাধ যেখানে গোপনে অর্থনৈতিক ক্ষত তৈরি করে, ব্লু কলার ক্রাইম সেখানে দৃশ্যমান ও সহিংস প্রকৃতির হয়। যেমন—ডাকাতি, মারামারি, চুরি, খুন, মাদক পাচার বা ভাঙচুর। এই অপরাধগুলো মূলত ব্যক্তিগত বা স্থানীয় পর্যায়ে ঘটে (যেমন—রাস্তার পাশে ছোটখাটো চুরি বা কোনো গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত চাঁদাবাজি)।
এসব অপরাধ সরাসরি সমাজে ভয়, নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এবং সমাজের চোখে দ্রুত ধরা পড়ে।
হোয়াইট কলার অপরাধ যেখানে লোভের ফসল,
ব্লু কলার অপরাধ সেখানে প্রায়শই টিকে থাকার সংগ্রাম অথবা ক্রোধের বহিঃপ্রকাশ।
তথ্যের অপব্যবহারের মাধ্যমে সমাজের শান্তি নষ্ট করার অপরাধ হলো ইয়েলো কলার ক্রাইম, যা সমাজে নীরবে বিষ ছড়ায়। সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রকাশনা বা শিক্ষা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে ভুল, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন, তখন তা এই শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়।
তথ্যের অপব্যবহারের মাধ্যমে এই অপরাধ সমাজে বিভাজন, ঘৃণা ও অবিশ্বাস তৈরি করে, যা একটি সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয় এবং জনমতকে ভুল পথে পরিচালিত করে।
এর পরে রয়েছে ব্ল্যাক কলার ক্রাইম, যেখানে ধর্মীয়, নৈতিক বা সামাজিক নেতারা নিজেদের বিশ্বাসের অবস্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে যৌন নিপীড়ন, অর্থ আত্মসাৎ অথবা অনৈতিক আচরণের মতো অপরাধ করেন। এই অপরাধ সমাজের মৌলিক বিশ্বাস ও শ্রদ্ধার কাঠামোকে ভেঙে দেয় এবং মানুষকে আধ্যাত্মিক ও নৈতিকভাবে দেউলিয়া করে তোলে।
কর্মক্ষেত্রে আর্থিক অসঙ্গতি থেকে জন্ম নেয় পিংক কলার ক্রাইম, যা সাধারণত নারী কর্মীদের দ্বারা সংঘটিত অপেক্ষাকৃত ছোটখাটো অহিংস আর্থিক অপরাধকে নির্দেশ করে। যেমন—চেক জালিয়াতি বা হিসাব পরিবর্তন। তবে এই শ্রেণিটি কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টিকেও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
আধুনিক যুগে প্রযুক্তিনির্ভর অপরাধের জন্য সামনে এসেছে গ্রে কলার ক্রাইম। হ্যাকিং, অনলাইন ফ্রড, আইডেন্টিটি চুরি, ফিশিংয়ের মতো অপরাধ কখনো অপরাধী ও ভুক্তভোগীর সম্মুখ উপস্থিতিতে সংঘটিত হয় না; বরং ইন্টারনেট ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে সংঘটিত হয়। এই অপরাধের ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস, র্যানসমওয়্যার বা আর্থিক ক্ষতি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এসব কলার ক্রাইম। এতে দেখা যায়, অপরাধ এখন কেবল সহিংসতার মাধ্যমে নয়, বরং ক্ষমতা, বিশ্বাস ও প্রযুক্তির সূক্ষ্ম অপব্যবহারের মাধ্যমেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে।
প্রকৃতির বিরুদ্ধে পরিচালিত একটি অপরাধের ধারা হলো গ্রিন কলার ক্রাইম। এই শ্রেণিতে অবৈধভাবে বন উজাড় করে জীববৈচিত্র্য ধ্বংস করা, কলকারখানার বর্জ্য ফেলে নদী দূষণ করা, বন্যপ্রাণী পাচার করা বা বিপজ্জনক বর্জ্য পরিবেশে নিক্ষেপ করার মতো অপরাধগুলো অন্তর্ভুক্ত।
গ্রিন কলার অপরাধীরা নীরব ঘাতকের মতো প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, যার মূল্য পুরো মানবজাতিকেই দিতে হয়। এই অপরাধগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত কঠিন, কারণ এর ক্ষতিকর প্রভাবগুলো দীর্ঘ সময়ে ধীরে ধীরে প্রকাশিত হয়।
তবে অপরাধের জগৎ যখন আরও নৃশংস হয়ে ওঠে, তখন অপরাধের ধরন পাল্টে যায়। যখন কোনো হোয়াইট কলার ক্রিমিনাল, যিনি এতদিন আর্থিক দুর্নীতিতে সিদ্ধহস্ত ছিলেন, তার অপরাধ ঢাকতে বা প্রমাণ লোপাট করতে সহিংসতার পথ বেছে নেন, তখন সেই অপরাধটি রেড কলার ক্রাইম হিসেবে অভিহিত করা হয়।
সাক্ষী হত্যা, ব্ল্যাকমেইল করা অথবা আত্মরক্ষার অজুহাতে খুন করার মতো কাজগুলো এই শ্রেণিতে পড়ে। রেড কলার ক্রাইমে দেখা যায়, ক্ষমতা ও অর্থের প্রভাব যখন চরম পর্যায়ে পৌঁছে, তখন সেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য একজন ভদ্রবেশী মানুষও কতটা নৃশংস হতে পারে।
যখন উচ্চপদস্থ কর্পোরেট প্রধান, সরকারি কর্মকর্তা বা আন্তর্জাতিক নেতৃবৃন্দ বৃহৎ পরিসরে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা বড় ধরনের বৈশ্বিক আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হন, তখন ক্ষমতার সেই চরম অপব্যবহারকে বলা হয় গোল্ড কলার ক্রাইম।
এই অপরাধের প্রভাব একবা একাধিক দেশের অর্থনীতি, নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকারকে প্রভাবিত করে এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।
এছাড়া রয়েছে অরেঞ্জ কলার ক্রাইম, যা কাজের সরঞ্জাম বা পেশাগত জ্ঞান ব্যবহার করে সংঘটিত অপরাধকে বোঝায়। কর্মস্থলের সম্পদ চুরি, কন্ট্রাক্ট জালিয়াতি বা ক্লায়েন্ট প্রতারণার মাধ্যমে এই অপরাধীরা তাদের দক্ষতার অপব্যবহার করে। যেমন—একজন গাড়ি মেরামতকারী অপ্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করে গ্রাহককে প্রতারিত করতে পারে।
তবে সবচেয়ে দুর্বল অংশকে লক্ষ্য করে সংঘটিত অপরাধ হলো সিলভার কলার ক্রাইম। সিলভার বা রুপালি রং এখানে বার্ধক্য বা বয়সের প্রতীক। বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের প্রতি অর্থনৈতিক প্রতারণা বা শোষণমূলক অপরাধ—যেমন প্রতারণামূলক আর্থিক নথি দিয়ে প্রতারণা বা উত্তরাধিকারের নাম করে সম্পত্তি লুণ্ঠন—এই শ্রেণিতে পড়ে।
এই অপরাধীরা মূলত তাদের চরম দুর্বলতার সুযোগ নেয়, যা তাদের আর্থিক ও মানসিকভাবে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে তোলে এবং তাদের প্রতি সমাজের মৌলিক দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়া ব্রাউন কলার বা ক্রিমসন কলারের মতো কিছু অপ্রচলিত ধারা রয়েছে, যা পেশাগত সুযোগভোগী কাজ বা সামরিক পেশাজীবীদের অভ্যন্তরীণ অপরাধকে নির্দেশ করে, যদিও এগুলোর ব্যবহার এখনো সীমিত।
এই সকল ধারা প্রমাণ করে, অপরাধের প্রকৃতি প্রতিনিয়ত বিকশিত হচ্ছে এবং এটি সমাজের প্রতিটি স্তর ও পেশার গভীরে প্রবেশ করতে সক্ষম।
কলারভিত্তিক এই শ্রেণিবিন্যাস আমাদের শেখায় যে, অপরাধ শুধু কোনো অন্ধগলি কিংবা অন্ধকার ঘরে জন্ম নেয় না; বরং ক্ষমতা, প্রযুক্তি, জ্ঞান ও বিশ্বাসের পবিত্র স্থান থেকেও উদ্ভূত হতে পারে।
আধুনিক আইন প্রয়োগকারী সংস্থার কাজ তাই শুধু অপরাধীকে ধরা নয়, বরং অপরাধের ধরন, প্রেক্ষাপট ও উদ্দেশ্য গভীরভাবে বোঝা।এই সম্পূর্ণ অপরাধ-চিত্র আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকারের মুখোশ এখন আরও বেশি বিচিত্র ও সূক্ষ্ম। তাই সচেতনতা, শিক্ষা ও সততার কোনো বিকল্প নেই। এটাই মানবিক মূল্যবোধের অবক্ষয় ঠেকানোর একমাত্র পথ।
লেখক
পুলিশ পরিদর্শক
সিআইডি, ঢাকা
