“প্রো-অ্যাক্টিভ পুলিশিং” এমন এক পুলিশিং পদ্ধতি, যা কেবল ঘটনার পর সাড়া দেওয়ার বদলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক কৌশল গ্রহণের মাধ্যমে অপরাধের ক্ষতি প্রশমিত করার লক্ষ্য নিয়ে প্রণীত হয়েছে। অর্থাৎ, এই পদ্ধতি অপরাধ প্রতিকার থেকে প্রতিরোধের ওপর বেশি গুরুত্বারোপ করে।
সংজ্ঞা অনুসারে, এই প্রো-অ্যাক্টিভ পুলিশিং প্রথাগত “রি-অ্যাক্টিভ” পুলিশিং-এর বিপরীত মেরুতে অবস্থান করে। রি-অ্যাক্টিভ পুলিশিং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধ ঘটে যাওয়ার পরে সাড়া প্রদান করে, সেখানে প্রো-অ্যাক্টিভ মডেলের মূল লক্ষ্য অতীতের তথ্য বিশ্লেষণ করে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই সেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
বিখ্যাত আইন বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব জাস্টিসের পরামর্শক উইলিয়াম ফোর্ড এই প্রসঙ্গে বলেছিলেন, “অতীতের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ অতীতই বর্তমানের ভিত্তি তৈরি করছে।” অর্থাৎ, প্রথাগত পুলিশিং-এর অভিজ্ঞতা ও সীমাবদ্ধতাগুলো বিশ্লেষণ করেই আধুনিক প্রো-অ্যাক্টিভ পুলিশিং কৌশলগুলোর জন্ম হয়েছে।
প্রো-অ্যাক্টিভ পুলিশিং-এর শুরুটা যেভাবে হলো
প্রো-অ্যাক্টিভ পুলিশিং-এর ইতিহাস শুরু হয় মূলত ১৯৬০ এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে; যখন সমাজে অপরাধের হার বৃদ্ধি পাচ্ছিল এবং প্রথাগত রি-অ্যাক্টিভ পুলিশিং পদ্ধতির কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছিল।
১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের “কানসাস সিটি প্রিভেন্টিভ প্যাট্রোল এক্সপেরিমেন্ট”-এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এই গবেষণায় প্রমাণিত হয় যে, প্রথাগত রুটিন টহলে টহলরত গাড়ির সংখ্যা কমালে বা বাড়ালেও অপরাধ প্রতিরোধে বা জনগণের নিরাপত্তার অনুভূতিতে তেমন কোনো প্রভাব পড়ে না। এই ফলাফলের পর পুলিশিং কৌশল এক মৌলিক প্রশ্নের মুখে পড়ে—“গাড়ির সংখ্যা বাড়ালে অপরাধ না কমলে, তাহলে কোন জায়গায় শক্তি বিনিয়োগ করা উচিত?”
এই ফলাফলই পুলিশিং কৌশলকে প্রথাগত, তাৎক্ষণিক সাড়া প্রদান বা রি-অ্যাক্টিভ মডেল থেকে সরে এসে আরও উদ্ভাবনী, প্রতিরোধমূলক ও প্রমাণ-নির্ভর প্রো-অ্যাক্টিভ পদ্ধতির দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে।
সমস্যা-ভিত্তিক ও কমিউনিটি-ভিত্তিক পদ্ধতির উত্থান (১৯৮০–১৯৯০-এর দশক)কানসাস সিটি প্রিভেন্টিভ প্যাট্রোল এক্সপেরিমেন্ট-এর পর পুলিশিংয়ে দুটি প্রধান প্রো-অ্যাক্টিভ কৌশলের বিকাশ ঘটে:
ক. স্থান-ভিত্তিক পুলিশিং (Hot Spot Policing):এই পদ্ধতিতে ডেটা ব্যবহার করে উচ্চ-অপরাধপ্রবণ এলাকা বা “হট স্পট” চিহ্নিত করার ধারণা প্রতিষ্ঠিত হয়। অপরাধবিজ্ঞানী ডেভিড এল. ওয়াইজবার্ড-এর মতে, শহরের অপরাধ সমানভাবে ছড়িয়ে থাকে না; মাত্র ৩% জায়গায় একটি শহরের অর্ধেকের বেশি অপরাধ সংঘটিত হয়। তাই ঐসব এলাকাকে কেন্দ্র করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ফল সবচেয়ে দ্রুত ও দৃশ্যমান হয়। আন্তর্জাতিকভাবে পরিচালিত একটি বৃহৎ বিশ্লেষণে দেখা গেছে, হট স্পট পুলিশিং নির্দিষ্ট এলাকায় সহিংস অপরাধ গড়ে প্রায় ১১% পর্যন্ত কমাতে সক্ষম।
খ. কমিউনিটি পুলিশিং:এই কৌশলটি পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেয়। এটি পুলিশকে কেবল ‘ফোর্স’ হিসেবে না দেখে, বরং সমস্যা সমাধানকারী হিসেবে উপস্থাপন করে, যা রি-অ্যাক্টিভ মডেলের সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব জাস্টিসের একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুলিশ সংস্থা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের ৯৯% ক্ষেত্রে কমিউনিটির সাথে সংযোগ উন্নত হয়েছে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
প্রো-অ্যাক্টিভ পুলিশিং-এর মূল কৌশল ও পদ্ধতি
প্রো-অ্যাক্টিভ পুলিশিং-এর লক্ষ্য শুধু ঘটনার প্রতিক্রিয়া জানানো নয়; বরং অপরাধের মূলে থাকা কারণগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধান করা। এই মডেলের প্রধান পদ্ধতিগুলো হলো:
১. সমস্যা-ভিত্তিক পুলিশিং:এটি প্রো-অ্যাক্টিভ মডেলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পুলিশ শুধু একটি ঘটনার রিপোর্ট গ্রহণ না করে, সেই ঘটনার পেছনের কারণগুলো অনুসন্ধান করে। এর জন্য SARA মডেল (Scanning: সমস্যা চিহ্নিতকরণ; Analysis: বিশ্লেষণ; Response: সমাধান; Assessment: মূল্যায়ন) ব্যবহার করা হয়।
২. কমিউনিটি পুলিশিং:এটি পুলিশ এবং জনমানুষের মধ্যে আস্থা তৈরি করে। স্থানীয় সমস্যা সমাধানে পুলিশ ও নাগরিকরা একযোগে কাজ করে, যা দীর্ঘমেয়াদে অপরাধ প্রতিরোধে সহায়ক। এর মাধ্যমে পুলিশ কেবল আইন প্রয়োগকারী নয়, বরং সমাজের একজন অংশীদার হিসেবে বিবেচিত হয়।
৩. হট স্পট পুলিশিং:ডেটা বিশ্লেষণ করে উচ্চ-অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল এবং প্রতিরোধমূলক কার্যক্রমের ঘনত্ব বাড়ানো হয়। সীমিত জনবল ও সম্পদকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহারের জন্য এই পদ্ধতি অপরিহার্য।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রো-অ্যাক্টিভ মডেলের প্রয়োগ ও চ্যালেঞ্জ
বাংলাদেশ পুলিশ মূলত রি-অ্যাক্টিভ ফোর্স হিসেবে কাজ করলেও, গত কয়েক বছরে প্রো-অ্যাক্টিভ কৌশলগুলোর প্রয়োগ শুরু করেছে, যা প্রশংসনীয়।
ইতিবাচক প্রয়োগ:
- বিট পুলিশিং:স্থানীয় পর্যায়ে প্রতিটি এলাকার জন্য একজন নির্দিষ্ট কর্মকর্তার দায়িত্ব প্রদান এবং কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন—এটি সরাসরি কমিউনিটি পুলিশিং-এর একটি প্রো-অ্যাক্টিভ উদ্যোগ। সম্প্রতি ঢাকা মহানগরীতে বিট পুলিশিং নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, অন্তত ৫৫% নাগরিক নিজেদের বিট নম্বর জানেন এবং ৬৩% নাগরিকের মতে বিট পুলিশিং চালুর পর আইন-শৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। একই গবেষণায় ৯৩% উত্তরদাতা জানান, বিট পুলিশের কাছে সেবা নিতে কখনো ঘুষ দিতে হয়নি—যা প্রো-অ্যাক্টিভ, কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগের স্বচ্ছতা এবং আস্থার দিকটি তুলে ধরে।
- বিশেষায়িত ইউনিট:সাইবার ক্রাইম, মাদক নিয়ন্ত্রণ বা কিশোর অপরাধের মতো দীর্ঘমেয়াদি এবং জটিল সমস্যা মোকাবিলায় ডেটা-ভিত্তিক সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি চালানো হচ্ছে।
প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ:
- রি-অ্যাক্টিভ চাপের আধিক্য:৯৯৯-এর মতো জরুরি সেবার বিপুল সংখ্যক কলের কারণে পুলিশের একটি বড় অংশকেই জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে হয়। ফলে প্রো-অ্যাক্টিভ কার্যক্রমে পর্যাপ্ত সময় ও জনবল বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ে।
- কাঠামোগত বাধা:পুলিশের কেন্দ্রীভূত ও আমলাতান্ত্রিক কাঠামোর কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রায়শই সমস্যা-ভিত্তিক পুলিশিং-এর মতো উদ্ভাবনী প্রো-অ্যাক্টিভ সিদ্ধান্ত নিতে সীমিত ক্ষমতা পান।
- আস্থার অভাব:জনগণের মধ্যে ঐতিহাসিকভাবে পুলিশের প্রতি যে অবিশ্বাসের সংস্কৃতি রয়েছে, তার কারণে কার্যকর কমিউনিটি পুলিশিং এবং অংশীদারিত্ব গঠন করা একটি বড় চ্যালেঞ্জ।
উপসংহার: রি-অ্যাক্টিভ এবং প্রো-অ্যাক্টিভ-এর মধ্যে ভারসাম্য
আধুনিক এবং কার্যকর পুলিশিংয়ের জন্য কেবল একটি মডেলের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। রি-অ্যাক্টিভ পুলিশিং জরুরি সাড়া প্রদান এবং তাৎক্ষণিক অপরাধ দমনের জন্য অপরিহার্য। তবে সমাজের কাঠামোগত অপরাধের মূল কারণগুলো সমাধান করতে এবং জনগণের আস্থা অর্জন করতে হলে, প্রো-অ্যাক্টিভ কৌশলগুলোর কোনো বিকল্প নেই।বাংলাদেশ পুলিশের ভবিষ্যতের পথ হলো এই দুই মডেলের মধ্যে একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করা। একদিকে যেমন প্রযুক্তি ব্যবহার করে জরুরি সাড়া প্রদানের সক্ষমতা ধরে রাখতে হবে, তেমনি অন্যদিকে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং ডেটা অ্যানালিটিকস ব্যবহার করে অপরাধের পূর্বাভাস দেওয়া ও তার প্রতিরোধ করা জরুরি। এই সমন্বিত পদ্ধতিই পুলিশকে জনগণের কাছে কেবল ‘ফোর্স’ থেকে ‘সার্ভিস’-এ রূপান্তরিত করতে পারে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক
শিক্ষার্থী
অপরাধবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
