সোমবার, এপ্রিল ৬, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধপুলিশ কর্তৃক সিসিটিভি মনিটরিং: নিরাপত্তা বনাম গোপনীয়তার নতুন ভারসাম্য

পুলিশ কর্তৃক সিসিটিভি মনিটরিং: নিরাপত্তা বনাম গোপনীয়তার নতুন ভারসাম্য

মেহেদী ইসলাম
,

একটি নিরাপদ শহর কেবলমাত্র কঠোর আইন প্রয়োগেই গড়ে ওঠে না; এজন্য প্রয়োজন একটি দায়িত্বশীল সমাজ ও প্রাগ্রসর প্রযুক্তির সঠিক সমন্বয়। নগরায়ণের বাস্তবতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী কিংবা খুলনার মতো বড় শহরগুলোতে নাগরিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ও জটিল চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ক্রমবর্ধমান অপরাধ, সড়কে বিশৃঙ্খলা, জনজীবনের অস্থিরতা এবং নাগরিকদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময়ে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সিসিটিভি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এর মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং একটি মনস্তাত্ত্বিক বার্তাও—যেখানে বলা হচ্ছে, অপরাধের কোনো স্থান নেই, নজরদারি সর্বত্র। বাংলাদেশের আইসিটি অ্যাক্ট, ২০০৬-এর সেকশন ৮৭ এবং এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২-এর সেকশন ২৯ অনুযায়ী সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে বিবেচনা করা যায়। তাছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ২০২৩-এ নজরদারির জন্য সরকারি অনুমতি ও আইনানুগ ব্যবহারের বিধান রয়েছে।

সিসিটিভি, অর্থাৎ ক্লোজড সার্কিট টেলিভিশন ব্যবস্থার মাধ্যমে পুলিশ অপরাধ প্রতিরোধ, তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে।

এককথায় বলতে গেলে, এটি একটি নীরব কিন্তু কার্যকর অস্ত্র। শহরের ব্যস্ততম মোড়, গলিপথ, ব্যাংক এলাকা, ট্রাফিক জংশন কিংবা বিপণিবিতান—সবখানেই এখন স্থাপন করা হচ্ছে নজরদারির চোখ। এর ফলে অপরাধ সংঘটনের আগেই সন্দেহভাজন আচরণ শনাক্ত করা সম্ভব হচ্ছে, এবং অপরাধের পর দ্রুত শনাক্তকরণ ও গ্রেফতার কার্যক্রম বাস্তবায়ন সহজতর হচ্ছে।

শুধু স্থানীয় প্রেক্ষাপট নয়, আন্তর্জাতিক বাস্তবতাতেও সিসিটিভির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি সিসিটিভি-নিয়ন্ত্রিত শহরগুলোর একটি। মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে সেখানে যেভাবে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা এখন অনেক দেশের জন্য একটি মডেল। উদাহরণ হিসেবে ২০০৫ সালের লন্ডন বোমা হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ অপরিহার্য তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। অপরাধ সংঘটনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মূল সন্দেহভাজনদের পরিচয় ও গতিপথ শনাক্ত করা সম্ভব হয়।

একইভাবে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এনওয়াইপিডি ‘ডোমেইন অ্যাওয়ারনেস সিস্টেম’ নামে একটি উন্নত সিসিটিভি ও সেন্সর-ভিত্তিক মডেল ব্যবহার করছে, যেখানে ক্যামেরা, লাইসেন্স প্লেট রিডার এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার—সবকিছু একসঙ্গে সংযুক্ত। এই সমন্বিত তথ্যব্যবস্থা শুধু নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং একটি ভবিষ্যৎ–নির্ভর গোয়েন্দা কাঠামো তৈরি করছে।

সিসিটিভি ব্যবহার শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; এটি আচরণগত শুদ্ধিকরণেও কার্যকর ভূমিকা রাখে। যখন একজন নাগরিক জানেন যে তাঁর অবস্থান নজরদারির আওতায়, তখন তাঁর আচরণেও একটি শৃঙ্খলা তৈরি হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা হ্রাস পায়, পাবলিক প্লেসে অসামাজিক কার্যকলাপের হার কমে আসে। বাংলাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেমন—ঢাকার কারওয়ান বাজার, গুলিস্তান, মহাখালী কিংবা বসুন্ধরা এলাকায় ট্রাফিক নিয়ম ভঙ্গকারীকে শনাক্ত করে তাৎক্ষণিক ই-চালান প্রেরণ একটি ইতিবাচক দৃষ্টান্ত।

তবে এও স্বীকার করতে হবে যে, কেবলমাত্র প্রযুক্তি থাকলেই সমাধান আসে না। এর জন্য প্রয়োজন দক্ষ জনবল, নিরবিচ্ছিন্ন মনিটরিং, ডেটা বিশ্লেষণের সক্ষমতা এবং একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো। এক্ষেত্রে সিসিটিভি–কেন্দ্রিক পুলিশিংয়ের একটি বড় চ্যালেঞ্জ হলো তথ্য ব্যবস্থাপনার পরিকাঠামো। বাংলাদেশের মতো দেশে, যেখানে সাইবার নিরাপত্তা এখনও গড়ে ওঠার পর্যায়ে, সেখানে সিসিটিভির ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং গোপনীয়তা রক্ষা—এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই প্রসঙ্গে যে বিতর্কটি বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি হলো—নাগরিক গোপনীয়তার অধিকার বনাম জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ।

সিসিটিভি যতই অপরাধ দমনে কার্যকর হোক না কেন, এটি এক অর্থে নাগরিকদের ব্যক্তিগত গোপন সময়কে রেকর্ড করে রাখছে। ফলে প্রশ্ন উঠেছে—কোথায় সেই সীমারেখা, যেখানে নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কিন্তু ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘিত হবে না? এই বিতর্কের জোরালো চিত্র আমরা দেখতে পাই ফ্রান্স, কানাডা এবং জার্মানির মতো দেশে।

জার্মানিতে ব্যক্তিগত গোপনীয়তা একটি সাংবিধানিক অধিকার। সেখানে প্রতিটি সিসিটিভি ক্যামেরার নোটিশ, রেকর্ডিং সময়সীমা এবং ভিডিও ডেটা ব্যবহার আইনি কাঠামোর মাধ্যমে নির্ধারিত। যুক্তরাষ্ট্রেও ‘ফোর্থ অ্যামেন্ডমেন্ট’-এর আলোকে অযৌক্তিক নজরদারিকে আদালত বহুবার অসাংবিধানিক ঘোষণা করেছে। এসব উদাহরণ আমাদের শিক্ষা দেয়—প্রযুক্তি প্রয়োগের পাশাপাশি একটি মানবাধিকার–সম্মত নীতিমালা অপরিহার্য।

যদিও বাংলাদেশে পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স, ২০২৫ এখনও প্রণয়নাধীন, তবুও এ বিষয়ে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন। সিসিটিভি স্থাপন ও ব্যবহারে স্বচ্ছতা, নির্ধারিত নিয়মাবলি এবং তথ্যের সুরক্ষা—এই তিনটি স্তম্ভ নিশ্চিত না হলে এটি নাগরিক আস্থার পরিবর্তে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

যেমন, কেউ যদি না জানে তার চলাফেরা কোথায়, কীভাবে এবং কত সময় নজরদারির আওতায় থাকছে, তবে সেই অজানা ভয় থেকেই সন্দেহ, আপত্তি ও প্রতিবাদের জন্ম হয়। তাই পুলিশ বাহিনীকে সিসিটিভি ব্যবহারের বিষয়ে নিয়মিত জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে—কোন জায়গায় ক্যামেরা রয়েছে, কতক্ষণ তথ্য সংরক্ষিত থাকবে, কারা তা দেখতে পারে এবং কোন আইনি ভিত্তিতে এটি পরিচালিত হচ্ছে।

এখানে একটি মানবিক দৃষ্টিভঙ্গিও জরুরি। সিসিটিভি যেন কেবল অপরাধের তথ্য সংগ্রহের যন্ত্র না হয়, বরং একটি সহানুভূতিশীল ও দায়িত্বশীল সমাজ নির্মাণে সহায়ক হয়। যেমন—কোনো খুন, নিখোঁজ কিংবা শিশু অপহরণের ঘটনায় দ্রুততম সময়ে ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধার তৎপরতা পরিচালনা করা সম্ভব। ২০২৩ সালে ভারতের পুনে শহরে এমন একটি ঘটনা ঘটে, যেখানে একটি শিশুকে রাস্তা থেকে অপহরণের মাত্র সাত মিনিটের মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নম্বর শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করে। এটি একটি মানবিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের দৃষ্টান্ত।

বাংলাদেশে পুলিশ সদর দপ্তরের অধীনে একটি কেন্দ্রীয় ভিডিও মনিটরিং ইউনিট গড়ে তোলা গেলে শহরের প্রতিটি ক্যামেরা একটি একক সিস্টেমে সংযুক্ত করে বাস্তব সময়ের বিশ্লেষণ সম্ভব হবে। পাশাপাশি এআই–ভিত্তিক অ্যালগরিদম সংযুক্ত করা গেলে ক্যামেরার মাধ্যমে সন্দেহভাজন আচরণ—যেমন দ্রুত দৌড়ানো, ধস্তাধস্তি বা অস্ত্রধারীর গতিবিধি—স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে। বিশ্বের অনেক দেশে, যেমন ইসরায়েল ও চীন, এমন প্রযুক্তি ইতোমধ্যে ব্যবহার করা হচ্ছে। অবশ্য এখানেও প্রশ্ন ওঠে—এই প্রযুক্তি দিয়ে মানুষের আচরণ বিচার করা কি ন্যায্য? আর সেই বিশ্লেষণ যদি ভুল হয়? তাই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে মানবিক বুদ্ধিমত্তা দিয়ে, যেন মানবাধিকার কোনোভাবেই খর্ব না হয়।

সবশেষে বলা যায়, সিসিটিভি পুলিশিং এক নতুন মনস্তত্ত্বের সূচনা করেছে—যেখানে সমাজ কেবল অপরাধমুক্ত হওয়ার দিকে এগোচ্ছে না, বরং একটি আত্মনিয়ন্ত্রিত ও শৃঙ্খল সমাজব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এই প্রযুক্তিকে মানুষের ওপর চাপিয়ে না দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে, তার আস্থা অর্জনের মাধ্যমে প্রয়োগ করতে হবে। এই আস্থা অর্জনই হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় সাফল্য।

একটি আধুনিক পুলিশ বাহিনী তখনই গড়ে ওঠে, যখন প্রযুক্তি তার অস্ত্র হয়, মানবিকতা হয় তার অন্তরাত্মা, আর জনসেবা হয় তার চূড়ান্ত লক্ষ্য। সিসিটিভি ব্যবস্থাপনা হোক সেই চিত্রকল্পেরই একটি বাস্তব রূপ।

লেখক
সহকারী পুলিশ সুপার
রূপগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ

সম্প্রতি

নাগরিক সংযোগ