রবিবার, এপ্রিল ১২, ২০২৬
32 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমবাহিনীর কথাবাংলাদেশ ট্যুরিস্ট পুলিশবাংলাদেশের পর্যটন শিল্প: নিরাপত্তা ও আস্থায় ট্যুরিস্ট পুলিশের ভূমিকা

বাংলাদেশের পর্যটন শিল্প: নিরাপত্তা ও আস্থায় ট্যুরিস্ট পুলিশের ভূমিকা

মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি
,

মানুষের মন চিরকালই অচেনাকে জানার, নতুনকে দেখার জন্য ব্যাকুল। এই জন্মগত কৌতূহল থেকেই জন্ম নিয়েছে পর্যটন, যা মূলত আনন্দ, বিশ্রাম, জ্ঞানলাভ বা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে সাময়িক ভ্রমণের একটি প্রক্রিয়া। এটি এমন একটি কার্যকলাপ, যেখানে ভ্রমণকারী অর্থ উপার্জনের ভাবনা সরিয়ে রেখে তার সাধারণ বাসস্থান বা কর্মক্ষেত্রের বাইরে পা রাখেন—উদ্দেশ্য থাকে কেবল নতুন স্থান, বিচিত্র সংস্কৃতি, প্রকৃতির বৈচিত্র্য কিংবা ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে পরিচিত হওয়া এবং সেগুলোকে গভীরভাবে উপভোগ করা।

এই আনন্দ ও অভিজ্ঞতার অনুসন্ধানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সুবিশাল পর্যটন শিল্প, যা কেবল অবসর কাটানোর মাধ্যম নয়, বরং বিশ্ব অর্থনীতি ও সংস্কৃতির এক প্রধান চালিকাশক্তি। এর পরিধি এতটাই ব্যাপক যে, ভৌগোলিক অবস্থানের নিরিখে একে সহজে ভাগ করা যায়। যেমন, নিজ দেশের অভ্যন্তরে যে ভ্রমণ ঘটে, তা হলো অভ্যন্তরীণ পর্যটন; বাইরের দেশের নাগরিকরা এলে তা আগত পর্যটন; এবং দেশের মানুষ যখন বিদেশে যান, তখন তা বহিঃস্থ পর্যটন হিসেবে গণ্য হয়।

ভ্রমণের উদ্দেশ্য যখন পরিবর্তিত হয়, তখন পর্যটনের ধরনও ভিন্ন রূপ ধারণ করে। অভিজ্ঞতা ও আগ্রহের বৈচিত্র্য থেকে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে সৃষ্টি হয়েছে নানা শাখা। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও পরিবেশ সংরক্ষণে আগ্রহী হলে তারা বেছে নেন প্রাকৃতিক বা ইকো-ট্যুরিজম। প্রাচীন স্থাপত্য, শিল্পকলা ও ঐতিহ্য জানতে আগ্রহীরা আকৃষ্ট হন ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটনে। শরীর ও মানসিক স্বাস্থ্যের উন্নতি কিংবা চিকিৎসার জন্য যারা ভ্রমণ করেন, তারা পরিচিত স্বাস্থ্য বা চিকিৎসা পর্যটক হিসেবে। জীবনের ক্লান্তি দূর করে কিছুটা অবসর ও বিনোদন উপভোগ করতে যারা ভ্রমণ করেন, তাদের জন্য রয়েছে অবকাশ ও বিনোদন পর্যটন। আবার, যারা নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ খুঁজেন, তাদের আকর্ষণ করে রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চার ট্যুরিজম। ব্যবসায়িক সভা, সম্মেলন বা দাপ্তরিক কাজের উদ্দেশ্যে যে ভ্রমণ, তা পরিচিত ব্যবসায়িক বা মাইস (গওঈঊ) পর্যটন নামে। অন্যদিকে ধর্মীয় বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে পবিত্র স্থান পরিদর্শন বা তীর্থযাত্রায় অংশগ্রহণকারীরা হলেন ধর্মীয় পর্যটক বা তীর্থযাত্রী। খেলাধুলা দেখতে বা অংশ নিতে যারা ভ্রমণ করেন, তারা ক্রীড়া পর্যটক নামে পরিচিত। স্থানীয় জীবনধারা, কৃষি ও গ্রামীণ সংস্কৃতি কাছ থেকে অনুভব করতে আগ্রহীরা যুক্ত হন গ্রামীণ পর্যটনে। একইভাবে, স্থানীয় খাবার ও রান্নার স্বাদ গ্রহণ বা রন্ধনশিল্প জানার উদ্দেশ্যে যারা ভ্রমণ করেন, তারা খাদ্য পর্যটক।

এছাড়া শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার জন্য যারা এক স্থান থেকে অন্য স্থানে যান, তারা শিক্ষামূলক পর্যটক হিসেবে পরিচিত। প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ বা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়াও একধরনের সামাজিক পর্যটনের অন্তর্ভুক্ত। আর যারা ছবি তোলা, ভিডিও নির্মাণ বা ভিডিও ব্লগ তৈরির মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চান, তারা ফটোগ্রাফার বা ভিডিও ব্লগার পর্যটক নামে পরিচিত।

এভাবে দেখা যায়, মানুষের আগ্রহ, প্রয়োজন ও রুচি অনুযায়ী পর্যটনের ধরন নানা রূপে বিকশিত হয়েছে—যা একদিকে অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অন্যদিকে মানবজীবনকে করছে আরও জ্ঞানসমৃদ্ধ, আনন্দময় ও অভিজ্ঞতাপূর্ণ।

ভ্রমণের এই সকল ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার স্বাদ যিনি গ্রহণ করেন, তিনিই হলেন পর্যটক। আন্তর্জাতিকভাবে পর্যটকের একটি নির্দিষ্ট পরিচিতি রয়েছে। বিশ্ব পর্যটন সংস্থা বা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর মতে, পর্যটক হলেন সেই ব্যক্তি, যিনি তাঁর পরিচিত বা স্বাভাবিক পরিবেশের বাইরে কোনো স্থানে ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময়ের জন্য বিনোদন, ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে ভ্রমণ করেন। বাংলাদেশের পর্যটন বোর্ড আইন ২০১০-ও প্রায় একই ধারণা পোষণ করে। এই আইন অনুসারে, পর্যটক হলেন এমন ব্যক্তি যিনি তাঁর স্বাভাবিক বাসস্থানের বাইরে গিয়ে নতুন কোনো স্থানে উপার্জনমূলক কর্মসংস্থান বা অর্থ উপার্জনের উদ্দেশ্য ব্যতীত—কেবল অবকাশ, বিনোদন ও ব্যবসার প্রয়োজনে বা অন্য কোনো কারণে গমন করে অনধিক এক বছর কাল অবস্থান করেন। সহজ কথায়, পর্যটক মানেই তিনি, যিনি সাময়িক সময়ের জন্য আনন্দ, জ্ঞান বা ব্যবসার উদ্দেশ্যে নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন এক জগৎ আবিষ্কার করতে চান।

পর্যটকদের আগ্রহ, মানসিক গঠন এবং নতুন পরিস্থিতির প্রতি তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে মনোবিজ্ঞানীরাও তাদের শ্রেণিবিভাগ করেছেন। যেমন, মনোবিজ্ঞানী স্ট্যানলি প্লগ-এর তত্ত্ব অনুসারে, অত্যন্ত অ্যাডভেঞ্চারপ্রিয় এবং নতুন, অপরিচিত গন্তব্যের সন্ধানে থাকা পর্যটকরা হলেন অ্যালোসেন্ট্রিক। এর বিপরীতে, যারা আরাম, পরিচিত পরিবেশ এবং সুসংগঠিত ভ্রমণ পছন্দ করেন, ঝুঁকি এড়িয়ে চলেন, তারা হলেন সাইকোসেন্ট্রিক। আর বেশিরভাগ সাধারণ ভ্রমণপিপাসু এই দুই দলের মধ্যবর্তী অবস্থানে থাকেন, যাদের বলা হয় মিড-সেন্ট্রিক। তারা পরিচিত ও জনপ্রিয় গন্তব্যগুলোই সাধারণত বেছে নেন।

এই বহুমাত্রিক পর্যটন শিল্প বিশ্বকে এক সুতোয় গেঁথেছে। এর মাধ্যমেই সংস্কৃতি ও ঐতিহ্যগুলো এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে যায়, যা বিশ্বকে একে অপরের কাছে জানার ও উপভোগ করার এক অপূর্ব সুযোগ সৃষ্টি করে। বৈশ্বিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অভিযাত্রা পর্যটন শিল্প আজ বিশ্ব অর্থনীতির এক অন্যতম প্রধান চালিকাশক্তি। এটি কেবল ভ্রমণের বিনোদনই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের একটি শক্তিশালী মাধ্যম। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল-এর তথ্য অনুযায়ী, বিশ্ব জিডিপির প্রায় ১০% সরাসরি বা পরোক্ষভাবে পর্যটন খাত থেকে আসে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। বর্তমানে এটি হয়ে উঠছে অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য ভিত্তি।

বাংলাদেশের জন্যও পর্যটন খাত অপার সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, এবং মনোরম পার্বত্য চট্টগ্রাম দেশটিকে বিশ্বজুড়ে আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত করে তোলে। নওগাঁর সোমপুর মহাবিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, এবং রাজশাহীর পুঠিয়া মন্দির কমপ্লেক্সের মতো স্থানগুলো দেশের সমৃদ্ধ রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

এসব প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ থাকা সত্ত্বেও, বাংলাদেশের পর্যটন খাত প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এটি কেবল সুযোগ-সুবিধার অভাবের কারণে নয়, বরং একটি সমন্বিত এবং কার্যকর কৌশলের অনুপস্থিতি এর মূল কারণ। ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম -এর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্সে বাংলাদেশ ১০৯তম অবস্থানে রয়েছে, যা ২০২১ সালের শততম অবস্থান থেকে ৯ ধাপ পিছিয়ে এসেছে। এই পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করলে দেখা যায়, প্রতিবেশী দেশগুলো যখন রাজনৈতিক অস্থিরতা বা কোভিড-১৯ মহামারি কাটিয়ে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে শক্তিশালী পদক্ষেপ নিয়েছে, তখন বাংলাদেশ সেই গতিতে এগোতে পারেনি। বাংলাদেশের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ৩%, যা বৈশ্বিক গড় ১০% এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। এমনকি নেপাল, যেখানে প্রায় ১২ লাখ বিদেশি পর্যটক আসে, সেখানে বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা মাত্র ৬.৫ লাখ (প্রায়)।

এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, পর্যটন খাতকে এগিয়ে নিতে গেলে বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।

বৈশ্বিক প্রেক্ষাপট: নিরাপত্তা যখন পর্যটনের মূলমন্ত্র
পর্যটন শিল্পের বিকাশের জন্য নিরাপত্তা একটি মৌলিক পূর্বশর্ত। পর্যটকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বিশেষায়িত ব্যবস্থা গ্রহণ করেছে। এই মডেলগুলো থেকে বাংলাদেশের জন্য মূল্যবান শিক্ষা গ্রহণ করা সম্ভব।

থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ একটি সফল উদাহরণ। এই বিশেষায়িত বাহিনীটি কেবল অপরাধ দমনের জন্য নয়, বরং পর্যটকদের সহায়তা ও দিকনির্দেশনা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা স্থানীয়দের সাথে পর্যটকদের যেকোনো ধরনের বিরোধ মীমাংসা, যেমন- স্কুটার ভাড়ার মতো সাধারণ বিষয় থেকে শুরু করে অপরাধ সংক্রান্ত জটিল মামলাতেও সহায়তা করে। থাই ট্যুরিস্ট পুলিশে বিদেশি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা পর্যটকদের নিজেদের ভাষায় সহজে যোগাযোগ করতে এবং একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে, পর্যটন নিরাপত্তা কেবল আইন প্রয়োগ নয়, বরং পর্যটকদের মানসিক স্বস্তি ও আস্থা অর্জন করা।

স্পেনও পর্যটন নিরাপত্তায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তাদের সেফ ট্যুরিজম প্ল্যান এর আওতায় ফরেন ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস নামক একটি বিশেষ সেবা চালু আছে, যা পর্যটকদের নিজস্ব ভাষায় আইনি পরামর্শ, ডকুমেন্ট সংক্রান্ত সহায়তা, এবং এমনকি মনোবৈজ্ঞানিক সহায়তাও প্রদান করে। এ থেকে বোঝা যায়, একটি দেশের পর্যটন সুরক্ষা শুধু অপরাধ প্রতিরোধ নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিষেবা ব্যবস্থা, যা পর্যটকদের জরুরি পরিস্থিতিতে সব ধরনের সমর্থন নিশ্চিত করে।

ইউরোপীয় ইউনিয়নের মতো অঞ্চলে, ইইএস (এন্ট্রি/এক্সিট) এর মতো প্রযুক্তি-নির্ভর ব্যবস্থাগুলো সীমান্ত সুরক্ষা ও পর্যটকদের আগমন-নির্গমনের ডেটা ব্যবস্থাপনাকে উন্নত করে, যা নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।

পর্যটন ও জননিরাপত্তার মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। পর্যটকরা সাধারণত অপরিচিত পরিবেশে এবং মূল্যবান জিনিসপত্র বহনের কারণে অপরাধীদের সহজ শিকারে পরিণত হন। পর্যটন-কেন্দ্রিক অপরাধের প্রকৃতি ভিন্ন হতে পারে: অর্থনৈতিক (প্রতারণা), শারীরিক (চুরি, হামলা), বা মানসিক (হয়রানি)। কোনো পর্যটন কেন্দ্রে বা একটি দেশে পর্যটকদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কেবল ওই স্থানের নয়, বরং পুরো দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

পর্যটন নিরাপত্তা তাই কেবল কিছু মানুষের সুরক্ষা নয়, বরং এটি একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং বৈশ্বিক ব্র্যান্ডিংয়ের সাথে সরাসরি জড়িত। এই বৈশ্বিক উদাহরণগুলো থেকে একটি প্রধান শিক্ষা হলো, পর্যটন নিরাপত্তা মানে কেবল পুলিশি টহল বা অপরাধ দমন নয়; বরং এটি পর্যটকদের জন্য একটি সার্বিক পরিষেবা ব্যবস্থা, যা তাদের অভিজ্ঞতায় স্বস্তি ও আস্থার অনুভূতি নিশ্চিত করে।

বাংলাদেশের পর্যটন: অপার সম্ভাবনা, সুপ্ত চ্যালেঞ্জ
প্রাকৃতিক সম্পদ এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রাচুর্য থাকা সত্ত্বেও, বাংলাদেশের পর্যটন শিল্প এখনো তার সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারেনি। দেশের পর্যটন খাতের দুর্বলতার পেছনে বেশ কিছু সুপ্ত চ্যালেঞ্জ কাজ করছে।

প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অস্থিরতা ও জননিরাপত্তা। রাজনৈতিক সংঘাত, অস্থিরতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা কিংবা আইনশৃঙ্খলার অবনতি বিদেশি পর্যটকদের মনে অনিরাপত্তার ধারণা তৈরি করে। অভিজ্ঞতা বলে, যখনই কোনো দেশে রাজনৈতিক উত্তেজনা বা সংঘাত বৃদ্ধি পায়, তখন অনেক রাষ্ট্র তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে এবং সংশ্লিষ্ট দেশ বা অঞ্চল ভ্রমণে নিরুৎসাহিত করে।

সামনে জাতীয় নির্বাচন। পূর্ববর্তী নির্বাচনগুলোর সময় রাজনৈতিক সহিংসতা ও সমাবেশ সংক্রান্ত খবর দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। এই চিত্র বিদেশি পর্যটকদের মধ্যে ভ্রমণ-সংশ্লিষ্ট অনিশ্চয়তা ও ভয়ের জন্ম দেয়, ফলে পর্যটন খাতে এর প্রভাব স্পষ্টভাবে পড়ে।

দ্বিতীয়ত, অবকাঠামোগত সীমাবদ্ধতা একটি বড় সমস্যা। উন্নত মানের পরিবহন ব্যবস্থা, আবাসন, এবং পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব পর্যটকদের অভিজ্ঞতাকে হতাশাজনক করে তোলে। কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য পর্যাপ্ত টয়লেট, চেঞ্জিং রুম বা মোবাইল ফোন ও ব্যাগ রাখার নিরাপদ জায়গার অভাব রয়েছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে বৈচিত্র্যের অভাব রয়েছে, যার কারণে পর্যটকরা বারবার একই স্থানে ফিরে আসার আগ্রহ খুঁজে পায় না।

তৃতীয়ত, বিদেশি পর্যটকদের আস্থার অভাব। বিদেশি গণমাধ্যমে দেশের নেতিবাচক ভাবমূর্তি এবং বিমানবন্দরে হয়রানি, সিন্ডিকেট কর্তৃক অতিরিক্ত মূল্য আদায় এবং স্থানীয় পর্যটন কর্মীদের ভাষাগত জ্ঞানের অভাব পর্যটকদের মনে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে। তারা প্রায়শই প্রতারিত হওয়ার অভিযোগ করে থাকে। এই চ্যালেঞ্জগুলো একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং একটি দুষ্টচক্র তৈরি করেছে। রাজনৈতিক অস্থিরতা অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগকে বাধাগ্রস্ত করে, যা সুযোগ-সুবিধার অভাবকে আরও প্রকট করে তোলে। ফলস্বরূপ, পর্যটকদের আস্থার অভাব বৃদ্ধি পায় এবং দেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

চতুর্থত, সাম্প্রতিক সময়ে পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড কিছুটা কমেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে, এরপরও প্রায়ই পর্যটকরা হয়রানি বা হেনস্তার শিকার হচ্ছেন। এই ধরনের বহু ঘটনার নজির এখনো বিদ্যমান, যা দেশের প্রধান আকর্ষণীয় স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও মনোযোগের প্রয়োজনীয়তা প্রমাণ করে।

ট্যুরিস্ট পুলিশের প্রতিষ্ঠা ও গঠন
বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতি বহু বছর ধরেই বিশ্ববাসীকে হাতছানি দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠনের মাধ্যমে দেশে পর্যটন শিল্পের যাত্রা শুরু হয়। তবে, এই শিল্পকে টেকসই করতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

দীর্ঘদিনের এই প্রয়োজনীয়তা অনুধাবন করে, ২০১০ সালের জাতীয় পর্যটন নীতিমালায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিশেষায়িত বাহিনী গঠনের প্রস্তাব আনা হয় (৬.৯ অনুচ্ছেদ)। এই নীতিমালার পথ ধরেই, অবশেষে ২০১৩ সালের ৬ নভেম্বর জন্ম নেয় ট্যুরিস্ট পুলিশ—বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই বাহিনীর মূল ভিশন হলো দেশের মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যমণ্ডিত পরিবেশকে পর্যটকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত করে তোলা। তাদের কার্যক্রমের মূল মন্ত্র হলো—সৌজন্য ও সদাচরণ।

প্রতিটি পর্যটনস্থলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, দ্রুত আইনগত সহায়তা প্রদান করা, পর্যটকদের আস্থা বৃদ্ধি করা, সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করা এবং দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাই হলো তাদের মিশন।

ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব
ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশি-বিদেশি সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা এবং দেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখা। তাদের বিশেষ দায়িত্বের মধ্যে রয়েছে: বিপদাপন্ন পর্যটকদের দ্রুত সহায়তা দেওয়া, অপরাধ প্রতিরোধ ও তত্ত্বাবধান করা এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করা। প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত পর্যটন সংরক্ষিত এলাকা, দর্শনীয় স্থান এবং পর্যটন সংশ্লিষ্ট সকল স্থাপনা বা অঞ্চল তাদের কার্যক্রমের আওতাভুক্ত।

কাঠামোগতভাবে, ট্যুরিস্ট পুলিশ তিনটি বিভাগীয় হেড কোয়ার্টার অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম ও খুলনা—থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাদের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে দেশের জনপ্রিয় স্থানগুলি, যেমন: কক্সবাজার, সিলেট, পার্বত্য অঞ্চল, সুন্দরবন এবং কুয়াকাটা। তবে, তাদের সামনে একটি বিরাট চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে ট্যুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা প্রায় ১৪০০, অথচ দেশের পর্যটন কেন্দ্রের সংখ্যা ১৬০০টিরও বেশি। এই সীমিত জনবল এবং অপ্রতুল সম্পদের কারণে সকল স্থানে সমানভাবে কার্যকর পরিষেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, যার ফলে অনেক স্থানেই কাঙ্ক্ষিত নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। তবুও, নিজেদের পেশাদারিত্ব ও সৌজন্যের মাধ্যমে এই বাহিনী বাংলাদেশের পর্যটনকে নিরাপদ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম
বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ এখন আর শুধু অপরাধ দমন বা উদ্ধার অভিযানের মধ্যে সীমাবদ্ধ কোনো বাহিনী নয়। দেশের পর্যটন শিল্পের নিরাপত্তা, আস্থা ও টেকসই বিকাশের এক অপরিহার্য ও নিরবচ্ছিন্ন সহযাত্রী তারা। এই বিশেষায়িত ইউনিট অপরাধ প্রতিরোধে যেমন সদা প্রস্তুত, তেমনি পর্যটকদের একটি স্বচ্ছন্দ, সুশৃঙ্খল ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতেও সচেষ্ট।

ট্যুরিস্ট পুলিশ বিধিমালা ২০২০ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব এখন বিস্তৃত ও বহুমাত্রিক। তারা কেবল পর্যটকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাই নেয় না, বরং ফৌজদারি কার্যবিধি অনুসারে গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার মতো তদন্ত-সংশ্লিষ্ট ক্ষমতাও প্রয়োগ করে। কোনো বিপদ বা অপরাধ ঘটার আগেই তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, অন্য ইউনিটগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান করে এবং প্রাপ্ত মামলাগুলোর দ্রুত ও বস্তুনিষ্ঠ তদন্ত নিশ্চিত করে।

মাঠ পর্যায়ে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা আরও বেশি মানবিক ও সর্বজনীন। তারা পর্যটকদের চলাফেরায় কোনো বাধা যেন না আসে তা নিশ্চিত করে। একই সঙ্গে তারা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সহযোগী বাহিনী হিসেবে কাজ করে। তাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে—পর্যটন নৈতিকতা, করণীয়বর্জনীয় এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে প্রচারপ্রচারণা চালানো। তারা হোটেল, রিসোর্ট, পরিবহনকর্মীসহ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও সক্রিয়ভাবে কাজ করে, যাতে সকলে মিলে পর্যটন-বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারে।

প্রতিটি পর্যটন গন্তব্যে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলে। স্থানীয় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তারা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য সরবরাহ করে এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা দেয়। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের মতো প্রযুক্তিগত কাজগুলোও তারা দক্ষতার সঙ্গে পালন করে। পর্যটন এলাকায় পর্যটকের দেহ ও সম্পত্তি-সংক্রান্ত অপরাধ, মাদক কেনা-বেচা, প্রতারণা বা সুযোগসন্ধানী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ তাদের নিয়মিত দায়িত্ব।

অপরাধ দমনের বাইরেও ট্যুরিস্ট পুলিশ দৈনন্দিন মানবিক সহায়তা ও জরুরি সাড়াদানে বিশেষ ভূমিকা রাখে। জাতীয় জরুরি হটলাইন ৯৯৯-এর মাধ্যমে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি তারা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু, বয়স্ক বা মানসিক ভারসাম্যহীন পর্যটকদের খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে দেয়। আহত বা অসুস্থ পর্যটকদের প্রাথমিক চিকিৎসা ও নিরাপদ পরিবহন ব্যবস্থার মতো মানবিক উদ্যোগগুলো এখন তাদের সেবার অবিচ্ছেদ্য অংশ।

বিশেষ উৎসব বা ছুটির মৌসুমে যখন কক্সবাজার, কুয়াকাটা বা সুন্দরবনের মতো স্থানে পর্যটকদের ঢল নামে, তখন ট্যুরিস্ট পুলিশ দক্ষতার সঙ্গে জনসমাগম ও ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিচালনা করে। তারা টহল জোরদার করে ছিনতাই, পকেটমারি বা হয়রানির মতো ক্ষুদ্র অপরাধগুলো ঘটার আগেই প্রতিরোধ করে।

সমুদ্র সৈকত ও পরিবেশ সুরক্ষায় তারা নিয়মিত কাজ করে—বিপদসীমা চিহ্নিত করে লাল পতাকা প্রদর্শন, ওয়াচ টাওয়ার স্থাপন এবং পর্যটকদের নিরাপদ সাঁতারের নির্দেশনা প্রদান তাদের কাজের অংশ। এছাড়াও, ঐতিহাসিক স্থানগুলোতে ঐতিহ্য সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্বও তাদের। তারা চুরি বা ভাঙচুর প্রতিরোধ করে এবং বিদেশি পর্যটকদের জন্য বহুভাষিক তথ্য ও গাইডেন্স প্রদান করে।

সব মিলিয়ে, ট্যুরিস্ট পুলিশ এখন কেবল একটি আইন-শৃঙ্খলা বাহিনী নয়—এটি তাদের পেশাদারিত্ব, মানবিক আচরণ ও প্রো-অ্যাকটিভ সেবার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও নিরাপদ, গ্রহণযোগ্য ও বিশ্বমানের করে তোলার বিশ্বাসযোগ্য রক্ষাকবচ।

সীমাবদ্ধতা ও এর প্রেক্ষিতে কী করণীয়
ট্যুরিস্ট পুলিশ তার কার্যক্রম পরিচালনায় কিছু গভীর সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা তাদের পূর্ণ সক্ষমতা অর্জনে বাধা দিচ্ছে। প্রথমত, আইনগত কাঠামোর সীমাবদ্ধতার কারণে, ট্যুরিস্ট পুলিশের এখতিয়ার বা কাজের পরিধি অনেকটাই সীমিত; আইনে বলা আছে যে, তারা শুধু বাহ্যিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু বাস্তবে তাদের কাছে আরো বিস্তৃত সেবা প্রদানের চাহিদা থাকে। একই সাথে যত্রতত্র অনিয়ন্ত্রিত ট্যুরিস্ট স্পট স্থাপন করা হয়, এবং তাদের লাইসেন্স বা অনুমোদনের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সাথে সে অর্থে কার্যকর কোনো সমন্বয় রাখা হয় না। তালিকাভুক্ত না হওয়ায় তাদের নিরাপত্তা প্রদান অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি সমস্যা হলো, যত্রতত্র দোকান স্থাপন করা। আইনগতভাবে ট্যুরিস্ট পুলিশের এসব দোকান উচ্ছেদের কোনো এখতিয়ার নেই। ফলে অনেক সময় তাদের পক্ষে শৃঙ্খলা আনয়নের জন্য তাৎক্ষণিক এবং কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে।

দ্বিতীয়ত, জনবল ও প্রযুক্তির তীব্র ঘাটতি। দেশে ১৬০০টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে, অথচ ট্যুরিস্ট পুলিশের জনবল মাত্র ১৪০০ জন। এই সীমিত জনবল দিয়ে এত বিশাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করা কার্যত অসম্ভব। এর পাশাপাশি, আধুনিক প্রযুক্তি, যেমন- সিসিটিভি নেটওয়ার্ক, স্মার্ট মনিটরিং ব্যবস্থা এবং ড্রোন টহলের অভাবও একটি বড় দুর্বলতা। আধুনিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের পেশাদারিত্বের অভাবও পরিলক্ষিত হয়। এই ঘাটতিগুলো ট্যুরিস্ট পুলিশকে তার পূর্ণাঙ্গ দায়িত্ব পালনে বাধা দেয়।

তৃতীয়ত, অবকাঠামোগত দুর্বলতা। ট্যুরিস্ট পুলিশের নিজস্ব সদর দফতর পর্যন্ত নেই; তারা একটি ভাড়া করা ভবনের তিনতলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। পর্যটন কেন্দ্রগুলোতেও তাদের পর্যাপ্ত তথ্যকেন্দ্র বা নিরাপত্তা সরঞ্জাম নেই। কক্সবাজারের মতো জায়গায় মৌলিক সুবিধা যেমন টয়লেট বা লাগেজ রাখার জায়গার অভাব, যা পর্যটকদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। এই অবকাঠামোগত সমস্যাগুলো ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমকে আরও জটিল করে তোলে।

সর্বোপরি, ভাষাগত ও সাংস্কৃতিক জ্ঞানের অভাব। ট্যুরিস্ট পুলিশে বিদেশি ভাষা, যেমন ইংরেজি, চীনা বা জাপানি ভাষায় দক্ষ জনবলের স্বল্পতা বিদেশি পর্যটকদের সাথে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে একটি বড় বাধা। এর পাশাপাশি, অনেক ক্ষেত্রে স্থানীয়দের মাঝে পর্যটন ব্যবস্থাপনা ও সেবামূলক মনোভাবের অভাবও পরিলক্ষিত হয়, যা পর্যটকদের উপেক্ষিত হওয়ার অনুভূতি দেয়। এই সীমাবদ্ধতাগুলো একটি দেশের পর্যটন শিল্পের জন্য খুবই ক্ষতিকর, কারণ বিদেশি পর্যটকরা একটি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা প্রত্যাশা করেন।

যুগোপযোগী ট্যুরিস্ট পুলিশের রূপরেখা: ভবিষ্যৎ কৌশল
বাংলাদেশের পর্যটন শিল্পকে তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত করতে হলে ট্যুরিস্ট পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং পেশাদার বাহিনীতে রূপান্তরিত করা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

আইনি কাঠামো সংশোধন ও ক্ষমতা বৃদ্ধি

পর্যটন শিল্পে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ২০২০-এর আইনি কাঠামো সংশোধন এবং পুলিশের এখতিয়ার সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি। ট্যুরিস্ট পুলিশকে বাস্তবিক চাহিদার প্রেক্ষিতে আরও সম্প্রসারিত সেবা নিয়ে পর্যটকদের কাছে পৌঁছানোর এখতিয়ার প্রদান করা খুবই জরুরি। গুরুত্বপূর্ণভাবে, পর্যটন স্পটে তাৎক্ষণিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশকে সীমিত পরিসরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা উচিত। বর্তমানে স্পটে দোকান বসানোর অনুমতি ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জেলা প্রশাসনের অধীনে থাকায় অনেক সময় ট্যুরিস্ট পুলিশ দ্রুত ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না, ফলে স্পটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র ট্যুরিস্ট স্পট স্থাপন বন্ধ করতে হবে এবং স্পটের লাইসেন্স প্রদানে ট্যুরিস্ট পুলিশের সাথে নিবিড় সমন্বয় নিশ্চিত করতে হবে।

অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ

বাংলাদেশের পর্যটন খাতে নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে ট্যুরিস্ট পুলিশের জন্য অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ জরুরি। এই লক্ষ্যে, প্রথমত, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনবল বৃদ্ধি করতে হবে এবং নিজস্ব জায়গায় সকল জোনাল ও রিজিওনাল অফিসের অবকাঠামো নির্মাণ/স্থাপন নিশ্চিত করতে হবে।

পর্যটকদের জন্য আধুনিক সার্ভিস সেন্টার স্থাপন

পর্যটকদের নিরাপত্তা ও সহায়তা কার্যকর করতে বিভিন্ন স্পটে আধুনিক সুবিধাসম্পন্ন সার্ভিস সেন্টার বা বিশেষ ফাঁড়ি স্থাপন করা প্রয়োজন। এই কেন্দ্রগুলো হবে পর্যটকদের জন্য নির্ভরতার প্রতীক। এখান থেকে ট্যুরিস্ট পুলিশ শুধু নিরাপত্তা প্রদানই করবে না, বরং ২৪/৭ হেল্পলাইন, জরুরি যোগাযোগ অ্যাপ এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে দ্রুত তথ্য ও গাইডেন্সসহ অন্যান্য সহায়তা দেবে। এই সার্ভিস সেন্টার মডেল ট্যুরিস্ট পুলিশকে পর্যটকদের কাছে আরও সহজে পৌঁছাতে এবং যেকোনো প্রকার হয়রানি প্রতিরোধ করতে সাহায্য করবে।

সরঞ্জাম ও সক্ষমতা বৃদ্ধি

পর্যটন এলাকায় দ্রুত সাড়া ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের অপারেশনাল লজিস্টিকস সক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন। এজন্য সমতল ও পাহাড়ি রাস্তায় চলাচলের উপযোগী আধুনিক যানবাহন সরবরাহ করা উচিত, যাতে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো যায়। পাশাপাশি, সৈকত ও জলভিত্তিক পর্যটন এলাকায় লাইফগার্ড টিম গঠন ও প্রশিক্ষণ প্রদান করা জরুরি। এই টিমের জন্য জেট-স্কি, উদ্ধার নৌযান এবং প্রয়োজনীয় রেসকিউ সরঞ্জাম সরবরাহ করা হলে পানিতে দুর্ঘটনায় পতিত পর্যটকদের দ্রুত উদ্ধার সম্ভব হবে। আধুনিক যান, উদ্ধার সরঞ্জাম ও দক্ষ জনবল সমন্বয়ে ট্যুরিস্ট পুলিশের অপারেশনাল প্রস্তুতি আরও সময়োপযোগী ও কার্যকর হবে।

জনবল বৃদ্ধি ও বিশেষায়িত ইউনিট

বর্তমান জনবল সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনবল বৃদ্ধি করা আবশ্যক। একই সাথে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত মেরিন ইউনিট এবং পাহাড়ি অঞ্চলের জন্য বিশেষ টহল ইউনিট গঠন করা যেতে পারে। এই ধারণাটি স্পেনের গার্দিয়া সিভিল থেকে অনুপ্রাণিত, যাদের জলসীমা ও পাহাড়ি এলাকায় বিশেষ দায়িত্ব রয়েছে। এই ধরনের বিশেষায়িত ইউনিটগুলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন নিশ্চিতকরণ

দূষণমুক্ত পর্যটন কেন্দ্র ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা আরও বাড়ানো জরুরি, যাতে তারা পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন ও পর্যটন এলাকায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে।

পাশাপাশি, পর্যটক-বান্ধব সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন ও ফেরিঘাটে ট্যুরিস্ট পুলিশের সার্ভিস কাউন্টার স্থাপন করা উচিত, যেখানে পর্যটকরা নিরাপত্তা সহায়তা, পর্যটন মানচিত্র ও স্থানীয় গাইড সম্পর্কিত তথ্য সহজে পেতে পারেন। এছাড়া, মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা জোরদারের জন্য একটি মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে পর্যটক ফিডব্যাক সিস্টেম চালু করা যেতে পারে, যা সেবার মান যাচাই ও দ্রুত সংস্কারে সহায়তা করবে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার

বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশকে অবশ্যই আধুনিক প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে সকল পর্যটন এলাকাকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা জরুরি, যা তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত সাড়াপ্রদানে সহায়ক হবে। প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করতে ড্রোন সার্ভিল্যান্স পদ্ধতি কার্যকরভাবে টহল ও নজরদারির কাজে ব্যবহার করা যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর অভিজ্ঞতা অনুযায়ী, ড্রোন প্রযুক্তি কেবল দ্রুত সাড়াপ্রদানেই নয়, বরং বিপজ্জনক পরিস্থিতিতে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও, পর্যটনভিত্তিক ডিজিটাল মানচিত্র ব্যবস্থাপনা এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারসহ সিসিটিভি ক্যামেরার ব্যবহার অপরাধ প্রতিরোধে এবং পর্যটন কেন্দ্রগুলোকে আরও নিরাপদ করতে সহায়ক হবে।

এই প্রযুক্তিগত সংযোজনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের জন্য আলাদা বিশেষায়িত ট্রেনিং একাডেমি স্থাপন করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা আবশ্যক, যাতে তারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠতে পারে।

পর্যটন পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন

ট্যুরিস্ট পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটকদের আস্থা অর্জনের লক্ষ্যে নিয়মিত ও বিষয়ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা অত্যাবশ্যক। এই প্রশিক্ষণে আইনগত জ্ঞান অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যেখানে প্রচলিত আইন, পর্যটন নীতিমালা ও আন্তর্জাতিক বিধান সম্পর্কে ধারণা প্রদান করা হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া ও প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) প্রদানের সক্ষমতা বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক পাঠ জরুরি। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ড্রোন, সিসিটিভি ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মতো দক্ষতা এবং অনলাইন প্রতারণার মতো সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রশিক্ষণও প্রয়োজন। সর্বোপরি, বিদেশি পর্যটকদের সাথে কার্যকরভাবে যোগাযোগের জন্য সাংস্কৃতিক সংবেদনশীলতা ও বিদেশি ভাষা (যেমন—ইংরেজি, চীনা, জাপানি) শিক্ষাদান এবং পর্যটন ব্যবস্থাপনা ও সেবামূলক মনোভাবের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সমন্বিত প্রশিক্ষণ সদস্যদের সহায়তা, দিকনির্দেশনা ও মানসিক সমর্থন দেওয়ার সক্ষমতা উন্নয়ন করবে, যা কেবল দক্ষতা বৃদ্ধি করবে না, বরং পর্যটকদের মধ্যে গভীর আস্থার জন্ম দেবে।

জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা

পর্যটন নিরাপত্তা নিশ্চিত করতে কেবল পুলিশি কার্যক্রমই যথেষ্ট নয়। স্থানীয় জনগণ এবং পর্যটন ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে একটি কমিউনিটি-ভিত্তিক নিরাপত্তা মডেল গড়ে তোলা যেতে পারে। এই মডেলটি স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে পর্যটকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

জাতিসংঘ মিশনে নারী পুলিশের সুনাম কাজে লাগানো

বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্যদের সফলভাবে মোতায়েন করে আসছে। তাদের এই আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সুনাম দেশীয় ক্ষেত্রেও মূল্যবান সম্পদ হিসেবে কাজে লাগানো যেতে পারে। দেশের পর্যটন খাতে নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের নারী সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। এতে শুধু একটি নিরাপদ ও আস্থাশীল পরিবেশ তৈরি হবে না, বরং এটি হবে নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক পর্যটন গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পাশাপাশি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সফল অংশগ্রহণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংস্থা (যেমন ইউএনডিপি) এবং থাইল্যান্ড বা স্পেনের মতো দেশগুলোর ট্যুরিস্ট পুলিশের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। এই সহযোগিতা একটি আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী গড়ে তুলতে এবং বাংলাদেশের পর্যটনকে বৈশ্বিক মানচিত্রে আরও আকর্ষণীয় করে তুলতে সহায়তা করবে।

আস্থার বাংলাদেশ, নিরাপদ পর্যটনের ঠিকানা

বাংলাদেশের পর্যটন শিল্প তার অফুরন্ত সম্ভাবনা সত্ত্বেও কিছু কাঠামোগত চ্যালেঞ্জের কারণে এখনো পিছিয়ে আছে। নিরাপত্তা ও সেবা মানের অভাব এই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম প্রধান। ট্যুরিস্ট পুলিশ একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হলেও, কেবল একটি বিশেষায়িত বাহিনী দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এটি প্রমাণ করে যে পর্যটন শিল্পের উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। একটি সফল পর্যটন গন্তব্য গড়ে তোলার জন্য শুধুমাত্র আকর্ষণীয় স্থান থাকাই যথেষ্ট নয়; বরং পর্যটকদের জন্য একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আস্থার পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।

একটি নিরাপদ এবং পর্যটক-বান্ধব বাংলাদেশ গড়ে তোলার এই রূপরেখা যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে নিঃসন্দেহে বাংলাদেশ একদিন বৈশ্বিক পর্যটন মানচিত্রে অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

লেখক
অতিরিক্ত আইজিপি
ট্যুরিস্ট পুলিশ

সম্প্রতি

নাগরিক সংযোগ