আগস্ট ২০২৫
যেকোনো রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি কেবল দৃশ্যমান পরিকাঠামো, বিনিয়োগ বা শিল্পোৎপাদনের ওপর নির্ভরশীল নয়; বরং এর শক্তিশালী ভিত্তি হলো জননিরাপত্তা। একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ বিনিয়োগকারীদের মনে আস্থা তৈরি করে, ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিকতা বজায় রাখে এবং জনগণের দৈনন্দিন কর্মকাণ্ডকে ঝুঁকিমুক্ত করে। বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে জননিরাপত্তা এবং প্রশাসনের ওপর জনগণের আস্থা অপরিহার্য। কারণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থাকলে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে আগ্রহী হন না; ফলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং পুঁজির প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাই জননিরাপত্তা নিশ্চিত করা অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি অবিচ্ছেদ্য অংশ।
এই বাস্তবতাকে সামনে রেখে এবারের প্রচ্ছদ রচনায় জননিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক এবং এক্ষেত্রে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ অতীতের সাফল্য–ব্যর্থতাকে পেছনে ফেলে জনতার পুলিশ, জনবান্ধব পুলিশ হিসেবে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষাকে তাদের প্রথম দায়িত্ব হিসেবে বেছে নিয়েছে।
জননিরাপত্তার এই নতুন মডেলের সরাসরি অর্থনৈতিক প্রভাব সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো শিল্প খাত, আর এই বিশেষায়িত ইউনিট সেই খাতকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব পালন করছে। তারা শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; বরং দক্ষতার সঙ্গে শ্রমিক অসন্তোষ মোকাবিলা করে শিল্পাঞ্চলে একটি উৎপাদনমুখী ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে।
এছাড়াও এবারের সংখ্যায় থাকছে ‘পুলিশ সিটিজেন ফোরাম’ নিয়ে একটি বিস্তারিত প্রবন্ধ, যেখানে পুলিশের জনবান্ধব সেবাসমূহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে একজন নাগরিকের করণীয় এবং কীভাবে তারা সক্রিয়ভাবে অংশ নিতে পারে—সে বিষয়ে একটি বিশেষ প্রবন্ধ স্থান পেয়েছে।
সবশেষে চরাঞ্চলে পুলিশিং নিয়ে একটি বিশেষ লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংখ্যায় আরও থাকছে মব সহিংসতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। যেহেতু মব সহিংসতা মূলত গুজব ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে সংঘটিত হয়, তাই এই সংখ্যায় থাকছে ‘দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক টিপস, যা পাঠকদের সঠিক ও ভুল তথ্যের পার্থক্য করতে সহায়তা করবে। পাশাপাশি একুশ শতকে পুলিশের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর একটি বিশেষ প্রবন্ধও সংযোজিত হয়েছে।
এছাড়াও বিশ্ব তরুণ দিবস উপলক্ষে একটি বিশেষ নিবন্ধে আলোচনা করা হয়েছে—কীভাবে তরুণরা পুলিশের নতুন যাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। ‘স্বাস্থ্য কথা’ বিভাগে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের জন্য থাকছে স্বাস্থ্যসুরক্ষাবিষয়ক বিশেষ নির্দেশিকা। পাঠকদের জন্য আরও আকর্ষণীয় আয়োজন হিসেবে থাকছে গোয়েন্দা গেমস, শখের গোয়েন্দা, কুইজ প্রতিযোগিতা এবং আরও নানা আয়োজন। আমরা আশা করি, এবারের সংখ্যাটি পাঠকদের কাছে একই সঙ্গে তথ্যপূর্ণ ও উপভোগ্য হবে।
প্রিয় পাঠক, জনবান্ধব পুলিশ গড়ে তোলার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে, তাতে ডিটেকটিভ একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এটি বাহিনীর বিভিন্ন জনমুখী কার্যক্রম, সাফল্য ও প্রশংসনীয় অবদান তুলে ধরার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক আয়োজনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করবে। আশা করি, ডিটেকটিভ সত্যিকার অর্থেই বাংলাদেশ পুলিশের মুখপত্র হয়ে উঠবে।সবাইকে শুভেচ্ছা।
