বাংলাদেশ পুলিশ শুধু একটি আইনপ্রয়োগকারী বাহিনীই নয়। এটি রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার অতন্দ্র প্রহরী, নিরবচ্ছিন্ন সেবাদানকারী একটি প্রতিষ্ঠান।
প্রতিনিয়ত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের ব্যস্ততম সড়ক পর্যন্ত যে বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য উৎসর্গ করেন, তাদের জীবনমান, নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্রীয় নীতির অংশ হওয়া প্রয়োজন। বাস্তবতা হলো, পুলিশের পেশা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এটি সামাজিক চাপ, পারিবারিক বিচ্ছিন্নতা ও আর্থিক অনিশ্চয়তায় ভরা। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের কল্যাণের বিষয়টি শুধু বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসনিক প্রয়োজন নয়, বরং এটি একটি বৃহত্তর মানবিক ও নৈতিক কর্তব্যের জায়গা থেকে বিবেচ্য বিষয়।
২০২৩ সালে প্রণীত বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন এ বিষয়ে এক যুগান্তকারী পদক্ষেপ। এই আইনটি শুধু একটি অর্থনৈতিক নীতিমালা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশের প্রতি দেওয়া এক প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি। এতে স্বীকার করে নেওয়া হয়েছে যে, যারা সমাজের সুরক্ষায় নিজের পরিবার, সময় ও জীবনের নিশ্চয়তা বিসর্জন দেন, তাদের জীবনের সুরক্ষার দায়িত্বও রাষ্ট্রকেই নিতে হবে। নতুন আইনটি পূর্ববর্তী ১৯৮৬ সালের অধ্যাদেশের জায়গায় একটি অধিক অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সময়োপযোগী কাঠামো দাঁড় করিয়েছে, যার লক্ষ্য হলো মূলত নন-গেজেটেড পুলিশ সদস্য এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।
অংশগ্রহণমূলক কাঠামো
এই তহবিল পরিচালনার জন্য গঠিত পুলিশ কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড-এর নেতৃত্বে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কাঠামো নিশ্চিত করা হয়েছে, যেখানে সরকারি প্রতিনিধি ও বাহিনীর ভেতরের বিভিন্ন স্তরের সদস্যরা যুক্ত থাকতে পারেন। তহবিলের অর্থ আসে মূলত সদস্যদের মাসিক চাঁদা কর্তন, সরকারি অনুদান এবং দান ও বিনিয়োগ আয় থেকে। এই অর্থবহ ও বহুমাত্রিক অর্থনৈতিক কাঠামোই তহবিলটিকে একটি টেকসই কল্যাণ প্রকল্পে রূপান্তর করেছে।
এই তহবিলের আওতায় চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের মৃত্যুর পর তাদের পরিবারকে মাসিক অনুদান প্রদান, স্থায়ী অক্ষমতায় আর্থিক সহায়তা, সন্তানদের শিক্ষা ও বিবাহে অনুদান, স্বাস্থ্যসেবায় ভর্তুকি, সন্তান লালন-পালনে সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ, এমনকি দাফন-কাফনের খরচ পর্যন্ত বহন করার ব্যবস্থা রাখা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এই তহবিল পুলিশ সদস্যদের জীবনের প্রায় প্রতিটি ধাপে তাদের পাশে থাকার চেষ্টা করে।
বহুমাত্রিক কল্যাণের সুযোগ
বর্তমান সময়ের চ্যালেঞ্জ হিসেবে মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, বিশেষত পুলিশ সদস্যদের জন্য। নিয়মিত অপরাধ, সহিংসতা ও মৃত্যুর দৃশ্য, দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও কর্মঘণ্টার অনিশ্চয়তা পুলিশ সদস্যদের মধ্যে মানসিক অবসাদ, উদ্বেগ ও ট্রমা তৈরি করে। এই বাস্তবতা বিবেচনায়, কল্যাণ তহবিলের অধীনে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজনীয়। এর পাশাপাশি নারী পুলিশ সদস্যদের জন্য মাতৃত্বকালীন ছুটিতে আর্থিক সহায়তা ও শিশুদের জন্য আলাদা সুবিধা চালু করাও কল্যাণ চিন্তার এক অনিবার্য দিক।
তবে কল্যাণ কেবল স্বাস্থ্য ও অনুদানেই সীমাবদ্ধ নয়। আবাসন নিরাপত্তা একজন পুলিশ সদস্যের মানসিক প্রশান্তির পূর্বশর্ত। কল্যাণ তহবিলের মাধ্যমে সদস্যদের জন্য স্বল্পমূল্যের হাউজিং প্রকল্প চালু করা যেতে পারে, বিশেষ করে যারা দুর্গম, সীমান্তবর্তী ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত, তাদের জন্য। এই উদ্যোগ তাদের নিরাপদ জীবন উপহার দিতে পারে, যেমনটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিলিটারি ফ্যামিলি সাপোর্ট সোসাইটি, পুলিশ ডিপেন্ডেন্টস ট্রাস্ট, ও পুলিশ লিগ্যাসি-এর মতো সংগঠনগুলো তাদের সদস্যদের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা এবং অবসর-পরবর্তী সুবিধা নিশ্চিত করে থাকে।
এই বৈশ্বিক মডেলগুলো অনুসরণ করে বাংলাদেশের পুলিশ কল্যাণ ট্রাস্ট যদি তার কার্যক্রমের পরিধি বাড়ায় এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে পুলিশ কল্যাণ তহবিলের সঙ্গে সমন্বয় করে, তবে এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী এবং ফলপ্রসূ হবে। এর মাধ্যমে পুলিশের পেশাগত মান উন্নয়ন ও বাহিনীর অভ্যন্তরীণ আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
উৎকর্ষের পথে যেতে হবে এগিয়ে
বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায়, পেনশন-পূর্ব আর্থিক পরামর্শ, অবসরপ্রাপ্ত সদস্যদের মানসিক পুনর্বাসন, প্রবীণ সদস্যদের জন্য সামাজিক সংযুক্তিমূলক প্রোগ্রাম, ঝুঁকিপূর্ণ এলাকার সদস্যদের জন্য ঝুঁকি ভাতা বা অতিরিক্ত সুরক্ষা সুবিধা দেওয়া যেতে পারে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ উৎসাহিত করে তহবিলের সক্ষমতা বাড়ানোও একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।
কল্যাণ একটি রাষ্ট্রের মানবিক চেতনার সূচক। এটি কেবল অনুদান বা সুবিধা নয়, একটি প্রতিষ্ঠান কীভাবে তার সদস্যদের মর্যাদা দেয়, সেই বিবেচনার প্রতিচ্ছবি। বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল আইন, ২০২৩ এই প্রেক্ষাপটে একটি সময়োপযোগী পদক্ষেপ। তবে একে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে কাজ করে যেতে হবে। পুলিশের প্রতি আমাদের কৃতজ্ঞতা যদি কেবল প্রশংসাবাক্যে সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার কাঠামোতে প্রতিফলিত হয়, তাহলেই আমরা একটি মানবিক, সংবেদনশীল ও নিরাপদ রাষ্ট্র নির্মাণে এগিয়ে যেতে পারব।
উপসংহার
পুলিশ কল্যাণ তহবিল একদিকে যেমন একজন পুলিশ সদস্যকে আস্থা দেয় যে তিনি একা নন, অন্যদিকে রাষ্ট্রকেও মনে করিয়ে দেয় তার দায়বদ্ধতা। যারা প্রতিনিয়ত সমাজ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেন, তাদের জীবনের প্রতিটি সংকটে একটি দৃঢ় ও মানবিক প্রতিষ্ঠান পাশে থাকবে— এই আস্থাই ভবিষ্যতের নিরাপত্তা ও প্রেরণার মূল ভিত্তি।
লেখক
অতিরিক্ত পুলিশ সুপার
পুলিশ হেডকোয়ার্টার্স
ঢাকা
