গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় ০৩ আগস্ট ২০২৫ থেকে সকল ধরনের অনলাইন জিডি সেবা চালু হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে, পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারা দেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ।
বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জের পাশাপাশি সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
আগামীকাল রবিবার থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি (ওজেডি এপ)” অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে সেবা পাওয়া যাবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। উল্লেখ্য, এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে এবং সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
